প্রোমোটারের কাছ থেকে কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ। জনতার দরবারে অভিযোগ জানাতেই গ্রেপ্তার দমদম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট ওরফে বঙ্কু-সহ তিনজন। এই মামলায় নাম জড়িয়েছে আরও একাধিকের। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বিষয়টা ঠিক কী? জানা গিয়েছে, দমদমের এক প্রোমোটারের কাছ থেকে নির্মাণকাজের জন্য কোটি কোটি টাকা আদায় করেন দমদম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট ওরফে বঙ্কু ও তাঁর শাগরেদরা। এক পর্যায়ে ঘটনার জল গড়ায় মুখ্যমন্ত্রী পর্যন্ত। জনতার দবরারে গিয়ে শুভেন্দু অধিকারীকে গোটা বিষয়টা জানান ওই প্রোমোটার। এরপরই তদন্ত শুরু করে দমদম থানার পুলিশ। দু’দিনের মধ্যেই তোলাবাজির অভিযোগেই গ্রেপ্তার বঙ্কু। সেই সঙ্গে দমদম পুরসভার তিন নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পর্ণা দাসের ছেলে নয়নাশিস দাস ওরফে জনি এবং দমদমের তিন নম্বর ওয়ার্ডের সিন্ডিকেটের মাথা বলে পরিচিত সুমন্ত ঘোষ ওরফে লালটুকেও গ্রেপ্তার করা হয়েছে।
তবে এখানেই শেষ নয়। এই মামলায় আরও একাধিক ব্যক্তির নাম রয়েছে বলে জানা যাচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান হরেন্দর সিং-সহ পুরসভার বেশ কয়েকজন আধিকারিক। অভিযোগে নাম থাকা ব্যক্তিদের মধ্যে এখনও অনেকে অধরা। তোলাবাজি চক্রের সঙ্গে আর কারা জড়িত? কোটি কোটি টাকার এই লেনদেনের নেপথ্যে আসল মাথা কে? উত্তর খুঁজছে পুলিশ। অভিযোগে নাম থাকা বাকি ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ কী ব্যবস্থা নেয় সেদিকেই নজর গোটা দমদমের।
