আষাঢ় আর দূরে নয়, শুক্রবার, ২১ জৈষ্ঠ্যের ভোরে কলকাতা শহর ও শহরতলির আকাশ সেকথা বুঝিয়ে দিয়েছে। এদিন ভোরে বৃষ্টি নামে মুষলধারে। তীব্র গরমের পর কাঙ্ক্ষিত বর্ষণ কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। যদিও আসল প্রশ্ন হল, মেঘের এই সফর কি সাময়িক? ফের কষ্ট পেতে হবে ভ্যাপসা গরমে? না, মোটের উপর ভালো খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সারা সপ্তাহ ধরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে প্রাক বর্ষার বৃষ্টি চলবে উত্তরবঙ্গের একাধিক জেলায়।
সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ শুক্রবার এবং আগামী রবিবার বিশেষভাবে সতর্কতা রয়েছে। কয়েক দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে । আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, নদীয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়াতে। ঝড়বৃষ্টি ফলে এই জেলাগুলিতে তাপমাত্রা এবং অস্বস্তি কিছুটা কমবে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৫ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ২২.৬ মিলিমিটার।
এদিকে, উত্তরবঙ্গ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলবে সব জেলাতেই। হালকা ও মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি উপরের এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
সর্বশেষ খবর
