কিশনগঞ্জঃ বিহারের কিশনগঞ্জ (Kishanganj) জেলার পাহাড়কাট্টা থানা এলাকার কালাসিঙ্গিয়া গ্রামে এক অন্তঃসত্ত্বা তরুণীকে খুনের ঘটনার কিনারা করল পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৃতার হবু স্বামী ওয়াসিড আলমকে (Waseed Alam) উত্তর দিনাজপুর জেলার রতনপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার কিশনগঞ্জের মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) সিরাজ খুশরু এই তথ্য প্রকাশ্যে আনেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালাসিঙ্গিয়ার বাসিন্দা ২৩ বছর বয়সি হাসিনা বানুর সঙ্গে প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল ওয়াসিডের। তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর থেকেই বিয়ে করতে অস্বীকার করছিল অভিযুক্ত। এই নিয়ে এলাকায় সালিশি সভা বসার পর আগামী ১৬ নভেম্বর তাদের বিয়ের দিন ধার্য করা হয়। কিন্তু বিয়ে এড়াতে গত ১৪ নভেম্বর রাতে তরুণীকে ডেকে পাঠায় অভিযুক্ত এবং ওড়নার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। এরপর নিজের বাবা ও ভাইয়ের সাহায্যে বাঁশবাগানের পাশে একটি গর্ত করে দেহ পুঁতে দেওয়া হয়।
গত ১৪ নভেম্বর ভোরে তরুণী নিখোঁজ হওয়ার পর তাঁর বাবা মহম্মদ জিতালু থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ১৫ নভেম্বর গ্রামেরই একটি খেতে গর্ত খুঁড়ে দেহটি উদ্ধার করা হয়। ফরেন্সিক দল ও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে শ্বাসরোধ করে খুনের প্রমাণ মেলে।
মুঠোফোনের কল রেকর্ডের সূত্র ধরে ওয়াসিডকে চিহ্নিত করে পুলিশ। জেরায় অভিযুক্ত নিজের অপরাধ স্বীকার করেছে এবং তার দেখানো জায়গা থেকে দেহ পোঁতার কাজে ব্যবহৃত কোদালটি উদ্ধার করা হয়েছে। বুধবার ধৃতকে কিশনগঞ্জ আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনায় জড়িত ধৃতের বাবা ও ভাই বর্তমানে পলাতক রয়েছে এবং তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
The publish কিশনগঞ্জে অন্তঃসত্ত্বা তরুণী খুনে গ্রেপ্তার হবু স্বামী, রহস্যভেদে পুলিশ appeared first on Uttarbanga Sambad.
