উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী থাকল তিলোত্তমা। মঙ্গলবার সন্ধ্যায় খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে উপস্থিত হলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপলক্ষ ছিল মমতার ছোট ভাই স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ‘কালীঘাট শিবশক্তি সংঘ’-এর কালীপুজো। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিক গলির মুখেই আয়োজিত এই পুজোমণ্ডপে শুভেন্দু পৌঁছতেই তাঁকে ঘিরে সাধারণ মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস চোখে পড়ে। এদিন গাড়ি থেকে নামামাত্রই মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন বাবুন। রীতিমতো পদ্মফুলের মালা, জগন্নাথ দেবের ছবি ও নানা উপহার দিয়ে বর্তমান মুখ্যমন্ত্রীকে বরণ করে নেন তিনি। এরপর নিজেই দেবী কালীকে পদ্মের মালা পরিয়ে আরতি সম্পন্ন করেন শুভেন্দু।
এদিনের আবহাওয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রকাশ্যেই মুখ্যমন্ত্রীর প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে বাবুন বলেন, “দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি।” প্রাক্তন মুখ্যমন্ত্রীর শাসনকালের সঙ্গে বর্তমানের তুলনা টেনে তাঁর তাৎপর্যপূর্ণ সংযোজন, “আমার দাদা শুভেন্দু অধিকারী৷ মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন শুভেন্দু দা শেষ ছয় মাসেই তার চেয়ে বেশি কাজ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল ভাইপোর মুখ্যমন্ত্রী।’’ রাজনৈতিক অবস্থানের কথা স্পষ্ট করে তিনি আরও বলেন, “শুভেন্দু অধিকারী জনগণের মুখ্যমন্ত্রী। ভোটের পরেও যা বলেছিলাম এখনো তাই বলব। দাদা আমায় যখন যেখানে রাখবেন তখনই থাকব দলে যোগ দিতে বললেও থাকব।”
প্রসঙ্গত, কালীপুজোর ঠিক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এক অনভিপ্রেত বচসা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, পুলিশ তাঁদের বাড়ির পুজো বানচাল করার চেষ্টা করছে— এই অভিযোগ তুলে ময়দানে নেমে বিক্ষোভ দেখান স্বয়ং মমতা। ওই ঘটনায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর-ও দায়ের হয়। সেই প্রবল উত্তেজনার রেশ কাটতে না কাটতেই মমতার পাড়ায় শুভেন্দুর এই অবাধ জনসংযোগ এক নতুন রাজনৈতিক মাত্রা যোগ করল। এদিন মণ্ডপ থেকে বেরিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে হেঁটে যান শুভেন্দু। রাস্তার অসংখ্য মানুষের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। অন্যদিকে, দিদির সঙ্গে ব্যক্তিগত দূরত্বের বিষয়টিও স্পষ্ট করে দিয়ে বাবুন সাফ জানিয়ে দেন, “দিদি আমায় ভাইফোঁটায় ডাকে না। আর এখন ডাকলে যাব না৷”

