উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কালচিনি ব্লকে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় অ্যাম্বুল্যান্স চালকের মৃত্যু হয়েছে। শনিবার গর্ভবতী এক রোগীকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে একটি কন্টেনার ট্রাক অ্যাম্বুল্যান্সটিকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। বরাতজোরে রক্ষা পেয়েছেন গাড়িতে থাকা ওই গর্ভবতী মহিলা ও তাঁর পরিবারের দুই সদস্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাঙালিবাজনা এলাকা থেকে ওই প্রসূতিকে নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছিল অ্যাম্বুল্যান্সটি। কালচিনি ব্লকের মেন্দাবাড়ি রাভা বস্তি সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় গুয়াহাটিমুখী একটি কন্টেনার ট্রাক পিছন থেকে গাড়িটিতে তীব্র গতিতে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে অ্যাম্বুল্যান্সটির একাংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। নিহতের নাম প্রানজিত বসুমতা (৪০)।
ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ বাহিনী। দুর্ঘটনাস্থল থেকে অ্যাম্বুল্যান্স চালকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘাতক কন্টেনার ট্রাকটিকে বাজেয়াপ্ত করে তার চালককে আটক করেছে পুলিশ। ওই প্রসূতি এবং তাঁর পরিবারের সদস্যদের উদ্ধার করে পরবর্তীতে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
The put up কালচিনিতে কন্টেনারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অ্যাম্বুল্যান্স, মৃত চালক appeared first on Uttarbanga Sambad.
