রংমিলান্তি কালো পোশাকে ‘দেশু ৭’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাতে হাত রেখে লাল গালিচায় হেঁটে মঞ্চে পৌঁছেছিলেন দেব, শুভশ্রী। তার আগেই ‘দেশু’ ভক্তদের উন্মাদনা উসকে দিতে মঞ্চে উঠেছিলেন সুপরস্টার অনির্বাণ ভট্টাচার্য। ‘দাদাগিরি’র মঞ্চেও ‘দেশু’র উত্তেজনায় সুরসুরি দিলেন সেই অনির্বাণই। ১১ অক্টোবর ‘দাদাগিরি’র মঞ্চে যে ধুন্ধুমার হতে চলেছে তা প্রোমোতেই স্পষ্ট। শনিবার চ্যানেলের তরফে রবিবাসরীয় রাতের ধামাকাদার প্রোমো সামনে আসতেই আরও একবার উত্তজনায় ফুটছে ‘দেশু’ ভক্তরা!
দেবের সঙ্গে ‘দাদাগিরি’তে খেলতে আসছে টিম ‘দেশু ৭’। সেখানেই দেব, শুভশ্রীর অতীত প্রেম, রোম্যান্স নিয়ে ‘উসকানিমূলক’ প্রশ্ন অনির্বাণের। যদিও সেটা নিছক মজার ছলেই। দীর্ঘ বারো বছর পর বড় পর্দায় ‘দেশু’র রোম্যান্সের ‘মেগা’ প্রত্যাবর্তন বলে কথা। যা দেখতে অধীর আগ্রহে অপেক্ষারত জুটির ভক্তরা। পর্দার প্রেমের মতোই তো বাস্তবের রসায়নও ছিল সুপারহিট। ‘দাদাগিরি’র মঞ্চে তাই ‘দেশু’র অতীত রোম্যান্স উসকে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়ার প্রসঙ্গ তুললেন অনির্বাণ।
আরও পড়ুন:
প্রাক্তন প্রেমিকযুগলের কাছে অনির্বাণ জানতে চান, সেটের বাইরে কখনও তাঁরা একসঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেয়েছেন? শুভশ্রী পূর্ণ সম্মতি জানিয়ে বলেন, “বহুবার সেটের বাইরে রাস্তায় দাঁড়িয়ে আমরা একসঙ্গে ফুচকা খেয়েছি।” ‘লেডি সুপারস্টার’-এর এই উত্তর খুব একটা পছন্দ হয়নি অনির্বাণের! একই প্রশ্ন ফের ঘুরিয়ে করতেই আসরে নামেন খোদ শোয়ের সঞ্চালক দেব।

অনির্বাণ যখন রসিকতা করে বলেন, শহরের অলিগলি ঘুরে…। অভিনেতাকে থামিয়ে দেব বিশদে বলেন, “কলকাতা থেকে বর্ধমান পর্যন্ত যে ক’টা ফুচকার দোকান ছিল গাড়ি থামিয়ে আমরা ফুচকা খেয়েছি।” দেব, শুভশ্রীর অতীত প্রেমের নস্ট্যালজিক মুহূর্ত ফিরতেই করতালিতে একেবারে ফেটে পড়ে ‘দাদাগিরি’র মঞ্চ। রবিবাসরীয় পর্বের প্রোমোতে ‘দেশু ৭’-এর ‘তোর শুধু তোর’ গানে দেব-শুভশ্রীর রোম্যান্টিক নাচের কয়েক ঝলকেই তৃপ্ত অনুরাগীদের হৃদয়, তা বললে অত্যুক্তি হবে না।
ছুটির দিনে ‘দাদাগিরি’তে টিম ‘দেশু ৭’র উপস্থিতি যে শোয়ের টিআরপি চড়চড়িয়ে বাড়বে তা বলার অপেক্ষাই রাখে না। মহালয়ার ঠিক পরদিনই ‘দাদাগিরি সিজন ১১’র নতুন পর্বের সম্প্রচার। তাই ‘পরাণ যায় জ্বলিয়া রে’-এর সেই আইকনিক পুজোর গান ‘ঢাকের তালে’ কোমর দুলিয়ে ‘দাদাগিরি’র মঞ্চে উৎসবের আমেজ নিয়ে এলেন মেগাস্টার দেব।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
