উমর খালিদের মুক্তির দাবিতে এবার দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে লেখা হল স্লোগান, যা নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে। পাশাপাশি, শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়ালে ‘নকশালবাড়ি দীর্ঘজীবী হোক’ স্লোগানও লেখা হয়েছে বলে জানা গিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক কর্মী জানিয়েছেন, বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। খতিয়ে দেখা হচ্ছে। তিনি স্পষ্ট করেছেন, কোনও স্বার্থান্বেষী মহলকে ক্যাম্পাসের শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না। একটি সূত্রের খবর, বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ করতে পারে জেএনইউ। দেওয়ালে লেখা স্লোগানগুলি প্রকাশ্যে আসতেই সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। তাদের অভিযোগ, বামপন্থী ছাত্র সংগঠনগুলি ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। এক বিবৃতিতে এবিভিপি জানিয়েছে, ক্যাম্পাসের যে ছবিগুলি ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-এর সদস্যরা হিন্দুত্ববাদী মতাদর্শের প্রবক্তা ভি ডি সাভারকরের মন্তব্য লিখেছেন। তাদের দাবি, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। জেএনইউ-এর এবিভিপি সভাপতি ময়াঙ্ক পাঞ্চালের কথায়, “মত প্রকাশের স্বাধীনতাকে দেশের ব্যক্তিত্বদের প্রতি অসম্মান প্রদর্শন বা সরকারি সম্পত্তির নষ্টের পক্ষে যুক্তি হিসাবে ব্যবহার করা যায় না।”
আরও পড়ুন:
রাজধানীর মাটিতে সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলন চলাকালীন ২০২০ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্ব দিল্লির হিংসায় মৃত্যু হয় ৫৩ জনের। এই ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসাবে উঠে আসে উমরের নাম। উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ওই বছরের সেপ্টেম্বর মাসে তাঁকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে দায়ের হয় রাষ্ট্রদ্রোহের মামলা। যদিও উমরের গ্রেপ্তারির বিষয়টি নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছিল। অভিযোগ ওঠে, সিএএ-এনআরসি বিরোধী স্বর দমনেই উমরকে জেলবন্দি করা হয়েছে। এরপর একাধিকবার জামিনের আবেদন জানিয়েছেন তিনি। কিন্তু প্রতিবারই তা খারিজ হয়ে গিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
