উচ্চশিক্ষায় ব্রিটিশ রীতির অবসান চেয়ে ভারতীয় ঐতিহ্যে জোর দেওয়ার বার্তা শিক্ষামন্ত্রীর

ভিডিও/VIDEO
Spread the love


তিতাস পাল, জলপাইগুড়িঃ ব্রিটিশ জমানার রীতিনীতি ত্যাগ করে উচ্চশিক্ষায় ভারতীয় ঐতিহ্য ও দেশীয় সংস্কৃতিকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন রাজ্যের উচ্চশিক্ষা ও কারিগরি দপ্তরের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত ডিগ্রি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এই বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সমাবর্তনের প্রথাগত পোশাক ‘রোব’ ও ‘হুড’ ছাড়াই উপস্থিত হয়ে মন্ত্রী বলেন, ‘ঔপনিবেশিক মানসিকতার বাইরে এসে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির মতো রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতেও দেশীয় সংস্কৃতির প্রতিফলন থাকা প্রয়োজন।’
গত পাঁচ দশকে পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষার মান নিম্নমুখী হয়েছে দাবি করে মন্ত্রী জানান, হারানো শিক্ষা গৌরব ফিরিয়ে আনাই বর্তমানের বড় চ্যালেঞ্জ। প্রায় চার বছর পর এই কলেজে ডিগ্রি প্রদান অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে তিনি পূর্ববর্তী তৃণমূল সরকারের সমালোচনা করে অভিযোগ করেন, আগে নিয়মিত সমাবর্তন হতো না। তবে পরিস্থিতি বদলাচ্ছে দাবি করে তিনি ঘোষণা করেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের বকেয়া সমাবর্তন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
একই সঙ্গে উত্তরবঙ্গের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির পরিকাঠামো ও সামগ্রিক পঠনপাঠনের মানোন্নয়নে বিশেষ জোর দেওয়ার আশ্বাস দেন তিনি। এদিনের অনুষ্ঠানে বিগত চার শিক্ষাবর্ষে উত্তীর্ণ ৪০৭ জন ছাত্রছাত্রীর হাতে আনুষ্ঠানিক ডিগ্রি শংসাপত্র এবং কৃতিদের সোনা, রুপো ও ব্রোঞ্জের পদক তুলে দেওয়া হয়। দীর্ঘ প্রতীক্ষার পর শংসাপত্র হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উত্তীর্ণ পড়ুয়ারা।

The put up উচ্চশিক্ষায় ব্রিটিশ প্রথা বর্জন! ভারতীয় মূল্যবোধ ফেরানোর ডাক শিক্ষামন্ত্রীর appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *