বিহারের জেডিইউ, মহারাষ্ট্রের শিব সেনা, অসমের অসম গণ পরিষদের পথেই পাঞ্জাবের শিরোমণি অকালি দলও। আরও এক রাজ্যে শরিক দলে ভাঙন ধরানোর খেলা শুরু বিজেপির। অবশ্য এক্ষেত্রে শরিক বলা ভুল হবে, সম্ভাব্য শরিক বলাটা বাঞ্চনীয়। কারণ পাঞ্জাবে অকালি দলের সঙ্গে সরকারিভাবে জোটে নেই গেরুয়া শিবির। তবে দুই শিবিরের মধ্যে জোট নিয়ে আলোচনা চলছে। সব ঠিক থাকলে জোট হয়েও যাবে। এরই মধ্যে অকালি দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা যোগ দিলেন বিজেপিতে।
মাস পাঁচেকের মধ্যেই পাঞ্জাবে ভোট। তার আগে প্রায় প্রতিদিনই রাজ্যের কোনও না কোনও প্রান্তে শক্তি বাড়ছে বিজেপির। এতদিন মূলত শাসক দল আপ এবং প্রধান বিরোধী কংগ্রেসের নেতারা বিজেপিতে যোগ দিচ্ছিলেন। কিন্তু বৃহস্পতিবার অকালি দলের একাধিক নেতাও গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাহানির উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন অকালি দলের প্রাক্তন সহ-সভাপতি সুরিন্দর সিং চৌহান, রাজ্য সাধারণ সম্পাদক ডঃ জসবিন্দরপাল সোহাল ও আরও কয়েকজন।
আরও পড়ুন:
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি পাঞ্জাবে অকালি দল এবং বিজেপির জোট হচ্ছে না? ভোটের আগে শরিক হয়ে আরেক শরিকের দল ভাঙানোটা কি ভালোভাবে নেবেন সুখবীর সিং বাদলরা? প্রশ্ন উঠছে। আসলে পাঞ্জাবে বিজেপি দ্বৈত কৌশল নিয়ে চলছে। একদিকে যেমন অকালিদের সঙ্গে জোট প্রক্রিয়া চলছে, অন্যদিকে তেমনই নিজেদের শক্তিও বাড়াচ্ছে গেরুয়া শিবির। বিজেপি চাইছে অকালিদের সঙ্গে আসন সমঝোতা শুরুর আগে যতটা সম্ভব নিজেদের শক্তি বাড়িয়ে নিতে। যাতে দর কষাকষিতে সুবিধা হয়।
বাংলার পর পাঞ্জাব দখলই যে পাখির চোখ বিজেপির, সেটা বাংলার বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরই স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসলে দিল্লির খুব কাছে আবার সীমান্তবর্তী রাজ্য হওয়ায় কৌশলগতভাবে পাঞ্জাব ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু বিজেপির দুর্ভাগ্য, এ পর্যন্ত সে রাজ্যে একার হাতে কোনওদিন ক্ষমতা দখল করতে পারেনি তারা। অতীতে অকালি দলের সঙ্গে বিজেপি সরকার চালিয়েছে বটে, তবে সেটা জুনিয়র পার্টনার হিসাবে। পাঞ্জাবের রাজনীতিতে অকালিরা বিজেপির স্বাভাবিক মিত্র। বিজেপি সে রাজ্যে শহরাঞ্চলে এবং হিন্দু ভোটারদের টার্গেট করে। আর অকালিদের সংগঠন গ্রামাঞ্চলে শক্তিশালী। তাছাড়া জঠ শিখদের মধ্যেও অকালিদের প্রভাব রয়েছে। ১৯৯৬ সাল থেকে এনডিএ-র শরিক ছিল আকালি দল। পাঞ্জাবে তো বটেই দিল্লিতে এনডিএ-র সরকার গঠনে মুখ্য ভূমিকা ছিল দলটির। তবে বিজেপি ও অকালি দলের সম্পর্কে দাঁড়ি পড়ে ২০২০ সালের সেপ্টেম্বরে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে আলাদাভাবে নির্বাচনী লড়াইয়ে নেমে শোচনীয় ভাবে পরাস্ত হয় দুই দলই। এবার ফের এক ছাতার তলায় আসার পরিকল্পনা চলছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
