‘জনতার দরবারে’র পর এবার ‘আপনার সরকার, আপনার পাশে’। সরাসরি প্রশাসনিক সমাধানের লক্ষ্যে হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য সরকার। সোম থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত হেল্পলাইন নম্বর চালু থাকবে। নম্বরটি হল: ৮২৮২০৮২৮২০। এছাড়া ই-মেলের মাধ্যমেও অভিযোগ জানাতে পারেন। ই-মেল আইডিটি হল: [email protected]।
এই বিষয়ে আরও খবর
রাজ্যের পালাবদলে বিজেপি ক্ষমতায় এসেছে। তৃণমূলী জমানার সরকারি কার্যক্রমের খোলনলচেও বদল হচ্ছে। একাধিক নতুন কার্যক্রম শুরু হয়েছে সরকারি তরফে। ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ কর্মসূচি বন্ধ হয়ে গিয়েছে। রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে সাধারণ মানুষ যোগাযোগের সুবিধায় ‘আপনার সরকারকে বলুন’ প্রকল্প চালু হয়েছে। কল্যাণীর প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই জানান, এই প্রকল্প চালু হবে। তিনি জানিয়েছিলেন, এই প্রকল্পের নাম ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে। তিনিই এই নামকরণ করেছেন। পরিকল্পনা বাস্তবায়িত করতে বুধবার নতুন নম্বর এবং ই-মেল আইডি জানানো হয়।
প্রসঙ্গত, তৃণমূল জমানায় রাজ্য সরকারের তরফে ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ কর্মসূচি চালু হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষ তাঁদের অভাব-অভিযোগ, দাবিদাওয়া জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়। মানুষজন তাঁদের অভাব-অভিযোগ সেসময় জানাতেও শুরু করেছিলেন। তৃণমূলের তরফে ‘দিদিকে বলো’ কর্মসূচিও নেওয়া হয়েছিল সেসময়। ফোন নম্বরও দেওয়া হয়েছিল। অভিযোগ উঠেছিল, তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অফিসের ফোন নম্বর দেওয়া হয়েছিল। মানুষের বক্তব্য ওই ভোটকুশলী সংস্থার কাছেই অভিযোগ যেত। পরবর্তীকালে সেইসব ফোন নম্বরে কল করেও পাওয়া যেত না বলে অভিযোগ। তবে এবার আর সেই সমস্যা সাধারণ মানুষকে ভোগ করতে হবে না বলেই ভরসা বর্তমান রাজ্য সরকারের।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
