সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জানুয়ারিতে সোশাল মিডিয়া তোলপাড় হয়েছিল পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে হুমকি দেওয়ার ঘটনায়। তাঁর স্ত্রী প্রথম সেই পোস্ট প্রকাশ্যে আনেন। অভিযোগ ওঠে দেবের ফ্যান ক্লাবের পক্ষ থেকে এই বিষয়টি ঘটানো হয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই জিনিয়ার বিকৃত ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দুই ঘটনার প্রতিবাদে শিবপ্রসাদ-জিনিয়া সাইবার ক্রাইম দপ্তরে জানানোর পর রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন। এবার সেই ঘটনার তদন্তে আলিপুর আদালতে নিজের বয়ান রেকর্ড করাতে গেলেন চিত্রনাট্যকার-সাংবাদিক জিনিয়া সেন।
শনিবার আলিপুর আদালতে জুডিসিয়াল মেজিস্ট্রেটের সামনে গোটা ঘটনার বিষয়ে নিজের বয়ান রেকর্ড করান জিনিয়া। তাঁকে আদালত চত্বরে দেখে স্বভাবতই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, এই তদন্ত এবার কোন দিকে গড়াবে? উল্লেখ্য জানুয়ারি মাসের ঘটনার পর নেটদুনিয়ায় নিন্দার ঝড় বয়ে গিয়েছিল। এমনকী এই জঘণ্য ঘটনার সঙ্গে যুক্তদের শাস্তির দাবিও ওঠে। ঘটনার প্রতিবাদে শিবপ্রসাদ-জিনিয়ার পাশে দাঁড়ায় টলি ইন্ডাস্ট্রির অনেকেই। কিন্তু নিশ্চুপ ছিলেন দেব। সেই বিষয়টিও অবশ্য নেটনাগরিকদের নজর এড়ায়নি সেই সময়। অভিযুক্তদের খুঁজে বের করে তাদের যথাযথ শাস্তির দাবিতে লালবাজার সাইবার অপরাধদমন শাখায় অভিযোগ দায়ের করেন দম্পতি। সেই অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসে পুলিশ।
জানা গিয়েছে তদন্ত প্রক্রিয়া যথাযথভাবে এগিয়ে নিয়ে যাওযায় ব্যাপারে সহযোগিতা করতেই নিজের বয়ান রেকর্ড করিয়েছেন জিনিয়া। উল্লেখ্য, আগামী ৯ মে বড়পর্দায় মুক্তি পাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়- নন্দিতা রায়ের নতুন ছবি আমার বস। এই ছবির সৃজণশীল প্রযোজকের দায়িত্ব সামলেছেন জিনিয়া।
