বাস্তবের কাহিনি বা চরিত্রকে সিনেপর্দায় ফুটিয়ে তোলার প্রথা বলিউডে নতুন নয়। এবার সেই তালিকার নয়া সংযোজন ২৬/১১ মুম্বই হামলার সন্ত্রাসবাদী আজমল কাসব। আরও ভালো করে বললেন, ২০০৮ সালের মুম্বই সন্ত্রাসবাদী হামলার পরবর্তী আইনি প্রক্রিয়াকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে আসন্ন কোর্ট রুম ড্রামা, ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অফ উজ্জ্বল নিকম।’ পরিচালনার দায়িত্বে অবিনাশ অরুণ। আজমল কাসভের ভূমিকায় অভিনয় করছেন ললিত প্রভাকর। আর সরকারি আইনজীবীর চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। ললিত প্রভাকর ও রাজকুমার রাওকে একাধিক গুরুত্বপূর্ণ কোর্টরুম দৃশ্যে দেখা যাবে। পর্দার আজমল কাসভ ওরফে ললিত প্রভাকর কে?
পেশায় তিনি একজন মারাঠি অভিনেতা। মারাঠি টেলিভিশন ও চলচ্চিত্র দুনিয়ার সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ক। ললিত প্রভাকরের উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে ‘আনন্দী গোপাল’, ‘হাম্মি’ ও ‘টিটিএমএম’। এছাড়াও হরর-কমেডি ‘জম্বিভ্লি’তে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। তবে আজমল কাসভের চরিত্রটা তাঁর কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং একটি চরিত্র।
আরও পড়ুন:
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ললিত প্রভাকর বলেন, “এটা একটা বিরাট চ্যালেঞ্জ। বিভিন্ন কারণে এটি খুব কঠিন একটি চরিত্র। পর্দায় কাসভের চরিত্রের বিশ্বাসযোগ্যতা ফুটিয়ে তুলতে তাঁর মানসিকতা বোঝাটাই ছিল মারাত্মক চ্যালেঞ্জিং।” কাসভের শারীরিক ও বাচনভঙ্গি রপ্ত করতে হয়েছে যাতে চরিত্রটি স্বতন্ত্রভাবে ফুটে ওঠে।
প্রভাকর বলেন, “আমাকে তাঁর ভাষার সূক্ষ জায়গাগুলো খুব ভালো করে বুঝতে হয়েছে। কারণ ওটা আমাদের ভাষা থেকে সম্পূর্ণ আলাদা। শারীরিক ভঙ্গিমাও রপ্ত করতে হয়েছে। আমি এমন কিছু করতে চেয়েছিলাম যা আমাকেই অবাক করে দেবে। এমন এক চরিত্র যা দর্শক কখনও কল্পনাই করতে পারেনি। অভিনয়ের পরিধি আরও বিস্তৃত করতে বারবরই পছন্দ করি।”
সিনেমার ট্রেলারেই তাক লাগিয়ে দিয়েছেন ললিত প্রভাকর। কাসভের চরিত্রে তাঁর ঝলকের পাশাপাশি আদালতের কার্যক্রম এবং মৃত্যুদণ্ড এড়ানোর জন্য তার আইনি লড়াই আকৃষ্ট করেছে দর্শককে। ট্রেলারের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য যেখানে কাসভ নিজেকে ১৭ বছর বয়সী বলে দাবি করে এবং কিশোর আইনের আওতায় বিচারের আবেদন জানায়।
তাঁর আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন সিকন্দর খের। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অবিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, ওয়ামিকা গাব্বি এবং আশীষ বিদ্যার্থী। আগামী ১৬ অক্টোবর ভারতজুড়ে মুক্তি পাবে ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অফ উজ্জ্বল নিকম।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
