উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বক্স অফিসে দারুণ সাফল্যের মাঝেই অস্কারের (Oscars) বিবেচনার প্রক্রিয়ায় জায়গা করে নিল নীতেশ তিওয়ারি পরিচালিত ছবি ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’ (Ramayana: Rise of a Legend)। নির্মাতাদের পক্ষ থেকে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জন্য ছবিটি জমা দেওয়া হয়েছে। তবে এটি ভারত সরকারের পক্ষ থেকে পাঠানো কোনো অফিশিয়াল এন্ট্রি নয়। ২০২৭ সালের অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের জন্য দেশের প্রাতিষ্ঠানিক প্রতিনিধি হিসেবে ইতিমধ্যেই মারাঠি ছবি ‘গোধল’ মনোনীত হয়েছে।
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের নিজস্ব কিছু নিয়ম ও শর্ত পূরণ করেই আলাদাভাবে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ‘রামায়ণ’। নিয়মানুযায়ী, যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু প্রধান শহরের প্রেক্ষাগৃহে টানা অন্তত সাত দিন বাণিজ্যিকভাবে প্রদর্শিত হতে হয়। সেই শর্ত মেনে ছবিটি লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, শিকাগো, ডালাস ও আটলান্টার প্রেক্ষাগৃহে প্রদর্শিত হওয়ায় স্বতন্ত্রভাবে মনোনয়নের বিবেচনার ক্ষেত্রে কোনো বাধা থাকেনি।
বক্স অফিসের সাফল্য ও বিতর্ক
গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। রামের চরিত্রে রণবীর কাপুর (Ranbir Kapoor), সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে অভিনয় করেছেন যশ। মুক্তির পর থেকেই দর্শক মহলে বিপুল সাড়া ফেলে বিশ্বজুড়ে ছবিটি ৬৫০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে বলে জানা গেছে।
তবে বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ছবিটিকে ঘিরে সমালোচনাও তৈরি হয়েছে। টেলি ধারাবাহিক ‘মহাভারত’-এর কৃষ্ণের চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া নীতীশ ভরদ্বাজ সামাজিক মাধ্যমে ছবিটির চরিত্র নির্মাণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেন, রামায়ণ ভারতীয় সভ্যতার আধ্যাত্মিক চেতনার অংশ এবং এর কোনো চরিত্রকে লঘুভাবে নতুন রূপ দেওয়া যায় না। একই সঙ্গে তিনি ছবিটির পক্ষে দেওয়া তাঁর আগের প্রশংসামূলক বক্তব্যও প্রত্যাহার করে নেন।

