ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন সংক্রান্ত মামলায় মহাবিপাকে তৃণমূল! মঙ্গলবার দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশির পর ইডি আধিকারিকদের হাতে বিস্ফোরক তথ্য। ইডি সূত্রের দাবি, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে প্রায় ১৬০ কোটি সন্দেহজনক লেনদেনের হদিশ মিলেছে। ওই টাকা গিয়েছে ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ নামক একটি সংস্থা ও তাদের সহযোগী বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টে।
এই ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ভিআইপিদের বিমানভাড়া দেয়। ইডি সূত্র বলছে, ওই সংস্থাকেই তৃণমূলের দলীয় তহবিল থেকে প্রায় ১৬০ কোটি টাকা দেওয়া হয়। সেই টাকা দিয়ে সংস্থাটি একটি বিমান এবং একটি অগুস্টার হেলিকপ্টার কেনে। মজার কথা হল, ওই বিমান এবং হেলিকপ্টারটি অভিষেক-সহ তৃণমূল নেতদেরও ভাড়া দেওয়া হত। অর্থাৎ তৃণমূলের টাকায় কেনা হেলিকপ্টার আবার তৃণমূলকেই ভাড়া দিত ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ওই সংস্থার মাধ্যমে কি তৃণমূলের নিজস্ব তহবিলের টাকা নয়ছয় হয়েছে।
আরও পড়ুন:
আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড বিমানের ভাড়া বাবদ কোথায়, কাদের সঙ্গে, কত টাকা তৃণমূল কংগ্রেসের লেনদেন হয়েছে, এবার সেই তথ্য জানতে মঙ্গলবার সকালে সেন্ট্রাল অ্যাভিনিউ, রাজারহাট-নিউটাউন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে ইডির আলাদা আলাদা দল। এর মধ্যে ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশনে’র অভিষেক ঘনিষ্ঠ মালিকের অফিস ও বাড়িও রয়েছে। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর সংস্থা থেকে অভিষেকের বিমানভাড়া আসত। তৃণমূলের নিজস্ব তহবিলের সঙ্গে এর কী যোগ, তা খুঁজে বের করত তৎপর ইডি। এদিন সল্টলেকের এক সংস্থার অফিস ও তার ডিরেক্টরদের বাড়িতে গিয়েছেন ইডি আধিকারিকরা। ওই সংস্থা থেকে চার্টার্ড বিমান ভাড়া নিতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এ ছাড়াও তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে কোন কোন অ্যাকাউন্ট থেকে টাকা এসেছে, তা-ও জানতে চায় ইডি। এমনকী, ইডির দাবি, শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতির কোনও টাকা তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে এসেছে কি না, সেই সংক্রান্ত তথ্যও জানতে চেয়ে ইডি তদন্ত করছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন, ওই চার্টার্ড বিমানের ভাড়া আসত কাটমানি বা তোলাবাজির অর্থ দিয়ে। সেই অভিযোগের সারবত্তা খুঁজতে এবং খরচের উৎস পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চায় ইডি। বিমান ভাড়া বাবদ কত টাকা ওই সংস্থা নিয়েছে, কত দিনের জন্য বিমান ব্যবহার করা হয়েছিল, এই সংক্রান্ত বেশ কিছু তথ্য ও নথি এদিন ইডি উদ্ধার করে। কেয়ারওয়েল অ্যাভিয়েশনের কর্ণধার ও আরও কয়েকজনকে জেরা করা হয়। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে ইডি আধিকারিকরা জেরা করেন। তারপরই ওই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
