দীর্ঘ ১২ বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থলপতি বিজয়। তবে এবার মুখ্যমন্ত্রী হিসাবে। সূত্রের খবর, প্রায় ২৫ মিনিট দু’জনের কথা হয়।
তামিলনাডুর মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে প্রথমবার দিল্লি সফরে গিয়েছেন বিজয়। বুধবার তিনি সেবাতীর্থে মোদির সঙ্গে দেখা করেন। তাঁদের এই বৈঠকের পরই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বিজয় দিল্লির তামিলনাড়ু হাউসে পৌঁছন। সেখানে তাঁকে সংবর্ধনার পাশাপাশি ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। কিন্তু কী কথা হল দু’জনের? সূত্রের খবর, তামিলনাড়ুর বিকাশ দিয়ে আলোচনা হয়েছে মোদি-বিজয়ের মধ্যে। এছাড়াও নেদারল্যান্ডস থেকে চোল আমলের তাম্রলিপি ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিজয়। জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গেও দেখা করার কথা থলপতির।
আরও পড়ুন:
উল্লেখ্য, ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। কিন্তু কোনও দল বা জোটই তা ছুঁতে পারেনি। বিধানসভা ভোটে একক বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করলেও জাদু সংখ্যা থেকে বেশ কিছুটা দূরে ছিল বিজয়ের দল টিভিকে। বিধানসভা নির্বাচনে বিজয়ের দলের প্রাপ্ত আসন সংখ্যা ১০৮। এদিকে বিজয় দু’টি আসনে জয়ী হওয়ায় তাদের বিধায়ক সংখ্যা ১০৭। এই পরিস্থিতিতে কংগ্রেসের পাঁচ বিধায়ক সমর্থন করে টিভিকে-কে। শুধু তা-ই নয়, দুই বাম দলের চার বিধায়কও বিজয়ের পাশে দাঁড়ান। পরে ভিসিকে, মুসলিগ লিগের সমর্থনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
