উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জন্মদিনের আনন্দ মিলিয়ে যাওয়ার আগেই শোকের চাদরে ঢাকল টালিগঞ্জের (Tollygunge) স্টুডিওপাড়া। ২২ মে জন্মদিন ছিল বিশিষ্ট পরিচালক অনীক দত্তের (Anik Dutta Demise)। আর তার দিন পাঁচেক বাদেই ছাদ থেকে পড়ে গিয়ে বিপত্তি। বুধবার দুপুরে মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসতেই ভেঙে পড়েছেন তাঁর বন্ধু, সহকর্মী ও অনুরাগীরা। রাজকীয় রসবোধ এবং আপসহীন ব্যক্তিত্বের এই মানুষটির রহস্যময় মৃত্যুতে গোটা সিনেদুনিয়া এখন প্রশ্নের মুখে।
অনীক দত্ত ছিলেন বাংলা চলচ্চিত্রের এক অনন্য নাম। বরাবরই নিজের শর্তে বাঁচতে অভ্যস্ত তিনি। কোনোদিনও শিরদাঁড়া নোয়ানোর সংস্কৃতিতে বিশ্বাসী ছিলেন না। এমন এক প্রাণোচ্ছ্বল ও সৃজনশীল মানুষ এভাবে হঠাত্ চলে যাবেন, তা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছেন না কেউই। হাসপাতালে দাঁড়িয়ে শোকাতুর অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) বলেন, “অনীকদা আদতেই ‘অপরাজিত’ একজন মানুষ ছিলেন। দেড় মাস আগে এক প্রিমিয়ারে দেখা হয়েছিল, তখন শরীরটা ভালো লাগছিল না বলে জানিয়েছিলেন। তবে কোনোদিন মানসিক অবসাদের কোনো লক্ষণ দেখিনি। পুলিশি তদন্তে হয়তো সত্য বেরিয়ে আসবে, কিন্তু এই আঘাত কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।”
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় শোকপ্রকাশ করে বলেন, “অনীকদার মতো এমন রাজকীয় রসবোধ আর কারও নেই। তাঁকে কোনোভাবেই রিপ্লেস করা সম্ভব নয়। আমার অনুরোধ, অনীককে তাঁর কাজের মধ্য দিয়েই উদযাপন করুন।” বন্ধু ও ভ্রাতৃসম অনীকের প্রয়াণে শোকাচ্ছন্ন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ও এই ঘটনাকে ‘অপূরণীয় ক্ষতি’ বলে অভিহিত করেছেন।
অনীক দত্তের এই আকস্মিক মৃত্যুতে কেবল সিনেমাজগত নয়, রাজনৈতিক ও বিজ্ঞাপন জগতেও নেমে এসেছে শোকের ছায়া। ছাদ থেকে পড়ে যাওয়ার ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য—তা এখন পুলিশি তদন্তের বিষয়। তবে টালিপাড়ার অন্দরে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যে মানুষটি পর্দার পেছনে সব রহস্যের সমাধান করতেন, তিনি নিজেই কেন এক অমোঘ রহস্যে হারিয়ে গেলেন? আপাতত প্রিয় পরিচালককে শেষ শ্রদ্ধা জানাতেই ভিড় জমিয়েছেন বহু মানুষ।
