রামনামেই সাফল্য! ব্যাটিং করার সময় নিয়মিত জপ করেন শেহওয়াগপুত্র

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


বাপ কা বেটা, সিপাহি কা ঘোড়া, কুছ নহি তো থোড়া থোড়া। প্রবাদটির সঙ্গে কে না পরিচিত! অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে যেন সেই প্রবাদকেই সত্যি করে দেখালেন বীরেন্দ্র শেহওয়াগের পুত্র। আর্যবীর শেহওয়াগ। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ১৬০ রানের মারকুটে ইনিংস খেলেন। বাবার মতোই ভয়ডরহীন ছিলেন। তবে বাবার মতো কিশোর কুমারের গান নয়, আর্যর ভরসা ‘সীতারাম’। 

ব্যাটিংয়ের সময় গান গাওয়ার অভ্যাস ছিল বীরেন্দ্র শেহওয়াগের। পাকিস্তানের মুলতানে ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরি করার সময় শোয়েব আখতারদের বিরুদ্ধে ব্যাট করতে করতেই কিশোর কুমারের গান গাইছিলেন বীরু। বাবার ছায়া দেখা গিয়েছে আর্যবীরের ব্যাটিংয়েও। তবে বাবার মতো বলিউডের গান নয়, তাঁর ভরসা ‘সীতারাম’ নাম। মনে মনে সেই নাম জপ করেই বিপক্ষ বোলারদের বিরুদ্ধে ঝড় তুলেছেন তরুণ ক্রিকেটার।

আরও পড়ুন:

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ১৬০ রানের দুরন্ত ইনিংস খেলেছেন আর্যবীর। তাঁর ব্যাটে ভর করেই জয় পেয়েছে ভারত। ম্যাচের পর নিজের ইনিংসের নেপথ্যের গল্প শুনিয়েছেন শেহওয়াগপুত্র। জানিয়েছেন, ব্যাটিং নিয়ে বাবার সঙ্গে নিয়মিত আলোচনা হয় তাঁর। আর সেখানেই উঠে এসেছে মনঃসংযোগ ধরে রাখার এই বিশেষ কৌশল। কীভাবে মনঃসংযোগ ধরে রাখেন? আর্যবীরের কথায়, “বাবা আমাকে সব সময় বলেন, ব্যাটিংয়ের সময় ভবিষ্যৎ নিয়ে না ভেবে বর্তমানের দিকে মন দিতে। নিজে মনঃসংযোগ ধরে রাখতে বাবা গান গাইতেন। সেটা ওঁর কাছে রিসেট বাটনের মতো কাজ করত। তবে আমি নিজের মতো একটা উপায় খুঁজে নিয়েছি। ব্যাট করার সময় মনে মনে একটানা ‘সীতারাম’ জপ করি। এতে বাইরের কোনও চিন্তা মাথায় আসতে পারে না।”

আর্যবীরের সংযোজন, “ব্যাট করতে নেমে কখনও ভাবি না যে আমাকে পঞ্চাশ বা একশো রান করতেই হবে। আমি শুধু বলের দিকে নজর রাখি। বল যেখানে পড়ে, সেই অনুযায়ী স্বাভাবিক শট খেলি। বাবা খুব সহজে কারও প্রশংসা করেন না। আমি সেঞ্চুরি করলেও তাঁকে খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করতে দেখি না। তাই ভালো খেলার পর বাবা যখন মেসেজ করে ‘ওয়েল প্লেড’ লেখেন, তখন মনে হয় যেন গোটা পৃথিবী জয় করে ফেলেছি। মা খুব আবেগপ্রবণ। আশা করি, আমার খেলায় বাবা ও মা দু’জনেই খুশি হয়েছেন।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *