উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ফিরহাদ হাকিমের ইস্তফার পর কলকাতার পুরসভার ভবিষ্যৎ ও দলের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য ডাকা তৃণমূল কাউন্সিলরদের বৈঠক স্থগিত হলো (TMC Councillors Assembly Cancelled)। রবিবার বিকেল ৪টে নাগাদ তৃণমূল ভবনে এই বৈঠক হওয়ার কথা ছিল, যেখানে উপস্থিত থাকার কথা ছিল দলীয়নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে শেষ মুহূর্তে তাঁর দিল্লি সফরের কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে।
সোমবার দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র বৈঠক রয়েছে। তৃণমূলের নির্বাচনী ফলাফলের পর এটিই জোটের প্রথম বৈঠক। তার জন্য রবিবারই মুখ্যমন্ত্রীর দিল্লি রওনা দেওয়ার কথা রয়েছে। দলীয় সূত্রে খবর, নেত্রীর অনুপস্থিতিতে এই বৈঠকের গুরুত্ব নিয়ে প্রশ্ন তোলেন অধিকাংশ কাউন্সিলর। শেষ পর্যন্ত রবিবারের বদলে আপাতত বৈঠকটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় দলের নেতৃত্ব।
গত শুক্রবার কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। এরপরই রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর থেকে পুরসভাকে একটি বিশেষ নোটিস পাঠানো হয়েছে। মেয়র পদে ইস্তফার পর কেন পুরবোর্ড ভেঙে দেওয়া হবে না, তা নিয়ে তিন দিনের মধ্যে লিখিত উত্তর চাওয়া হয়েছে। এখনও পর্যন্ত মেয়র হিসেবে নতুন কাউকে মনোনীত করেনি তৃণমূল। এই পরিস্থিতিতে পুরসভার পরবর্তী দলনেতা কে হবেন, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র জল্পনা।
রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক কালে তৃণমূলের অন্দরে বেশ কিছু কাউন্সিলরের ‘বেসুরো’ হওয়ার খবর সামনে এসেছে। কেউ কেউ বরো চেয়ারম্যানের পদ থেকেও ইস্তফা দিয়েছেন। ফলে রবিবারের বৈঠকে কতজন কাউন্সিলর উপস্থিত থাকতেন, তা নিয়ে আগে থেকেই সংশয় ছিল। নেত্রীর দিল্লি সফরের কারণে সেই বৈঠক ভেস্তে যাওয়ায়, বর্তমানে কলকাতার পুরসভার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।
