নিখোঁজ তিন নাবালক। অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টায় উদ্ধার করল পুলিশ। ৩ ঘণ্টার মধ্যে তিন নাবালকেই তাদের পরিবারের হাতে তুলে দিল তদন্তকারীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে কাঁকসা থানায়। পুলিশের ভূমিকাকে সাধুবাদ জানাচ্ছেন বালকদের পরিবার ও স্থানীয়রা।
কাঁকসার শেরপুরের বাসিন্দা তিন নাবালক বৃহস্পতিবার থেকে নিখোঁজ হয়ে যায়। স্থানীয় বাসিন্দা পারুল রুইদাসের ১১ বছর ও ১০ বছর বয়স বয়সি দুই সন্তান তাঁদের প্রতিবেশী বালকের সঙ্গে বেরিয়ে দুর্গাপুরে চলে যায়। তাদের সঙ্গে কোনও যোগাযোগ করতে পারেনি পরিবারগুলি। সেদিন সন্ধ্যা থেকে বিস্তর খোঁজাখুঁজির পরও কোনও হদিশ মেলেনি। রাতভর ৩ নাবালক বাড়ির বাইরেই ছিল। অবশেষে শুক্রবার দুপুরে কাঁকসা থানায় নিখোঁজের অভিযোগ জানান পরিবারের সদস্যরা।
অভিযোগ পাওয়ার পরই তৎপর হয়ে ওঠেন আধিকারিকরা। সমস্ত তথ্য নেওয়া হয় পরিবারের থেকে। শেষ কখন দেখা গিয়েছিল? সেই সময় তারা কী পোশাক পরেছিল। কোথায় যেতে পারে তারা। খতিয়ে দেখা হতে থাকে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ। জোরকদমে চলতে থাকে তল্লাশি। তারপরই খোঁজ মেলে নাবালকদের। জানা যায় তারা দুর্গাপুরে রয়েছে। তাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় কাঁকসায়। খবর দেওয়া হয় পরিবারকে। কাঁকসা থানার আইসি ও কাঁকসার এসিপি পরিবারের সদস্যদের থানায় ডেকে তাদের হাতে ওই ৩ নাবালককে তুলে দেওয়া হয়।
