একটা সময় তিলক বর্মার রান ছিল ৩৬ বলে ৮ রান। পাকিস্তান ‘এ’ দলের পেসারদের ভিতরে আসা বলে রীতিমতো সমস্যায় পড়ছিলেন। শেষ পর্যন্ত সেঞ্চুরি করেও ভারতের হার বাঁচাতে পারেননি। কেন? ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলকের বক্তব্য, “দলের অন্য কোনও ব্যাটার সঙ্গ দিলে নিশ্চয়ই ম্যাচ জিতিয়ে আসতাম।” কথাটা ঠিক। কিন্তু তাঁর ধীরগতির ব্যাটিং কি বাকিদের উপর চাপ বাড়ায়নি? উঠছে প্রশ্ন।
দোহায় যুব এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান ‘এ’ দল প্রথমে ব্যাট করে ৩১৩ রান তোলে। জবাবে ভারত ‘এ’ দল থেমে যায় ২৬৫ রানে। সেমিফাইনালের লড়াই থেকে এখনও ছিটকে যায়নি, তবে পাকিস্তানের বিরুদ্ধে সম্মানের লড়াইয়ে হেরেছে। অভিষেক শর্মা ঝড় তুলে ৭০ রান করেন। তিলকের সেঞ্চুরি ছাড়াও শাহবাজ ৫৬ রান করেন। বৈভব সূর্যবংশী, রিঙ্কু সিংরা রান পাননি।
আরও পড়ুন:
ম্যাচের পর তিলক বলেন, “যেভাবে অভিষেক শুরু করেছিল, তারপর শাহবাজ আমার সঙ্গে পার্টনারশিপ গড়ে তুলেছিল, সেগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যখন আমরা রানের গতি বাড়াতে চেয়েছিলাম, তখনই শাহবাজ আউট হয়ে যায়। ও যদি আরও দু’ওভার থাকত, তাহলে আমি ম্যাচ জিতিয়ে আসতাম।”
তাঁর সংযোজন, “আমার কাছে আসল কাজ হল ম্যাচ জেতা। যদি সেটা না হয়, তাহলে খুব খারাপ লাগে। আমি সবসময় চাই ম্যাচ শেষ করে আসতে। আজও সেরকম করতে চেয়েছিলাম। যদি কোনও ব্যাটার পাশে থাকত, তাহলে ম্যাচ শেষ করে আসতাম। কী আর করা যাবে! দলের অধিনায়ক হলে দায়িত্ব নিতে হয়। আমি সেটা করতে ভালোবাসি। দিনের শেষে বলব, ঈশ্বর সদয় ছিলেন বলেই রান পেয়েছি।”
কিন্তু প্রশ্নও উঠছে। অত্যন্ত ধীরগতিতে ব্যাটিং শুরু করেন তিলক। সেঞ্চুরি করেন ১৪৯ বলে। সেটাই কি বাকি ব্যাটারদের উপর চাপ বাড়িয়েছিল? প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার যেমন প্রশ্ন তুলছেন, “৩ রান করতে ২৫ বল লেগেছে। তার পরের ১২-১৩ রান করতে আরও ২৫ বল লাগে। তুমি যদি ৫০ বল খেলে ১৮-২১ রান করো, তাতে কি বাকি ব্যাটারদের উপর চাপ বাড়ে না?”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
