বিমলকুমার টোপ্পো
আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারবিশার লস্করপাড়ায় বিমলকুমার টোপ্পোর জন্ম ১৯৫০ সালের ২০ মার্চ। পড়াশোনা শুরু রায়ডাক চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ে। ১৯৭০ সালে আলিপুরদুয়ার জংশনের সেন্ট জোসেফস হাইস্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। চাকরিসূত্রে ধাওলাঝোরা বস্তিতে বসবাস শুরু হলেও বাপদাদার আমল থেকে চলে আসা কৃষিকাজের সঙ্গে তাঁর সম্পর্ক কখনও ছিন্ন হয়নি। চাকরির আগে, চাকরির সময় এবং অবসরগ্রহণের পরেও কৃষিকাজ আজও তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ।
স্কুলে পড়ার সময় ১৯৬৮-’৬৯ সাল থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য হাস্যকৌতুক লিখতেন ও অভিনয় করতেন। ১৯৭১-’৭২ সাল থেকে নিয়মিত সাহিত্যচর্চা শুরু। প্রথমে ছোটগল্প ও প্রবন্ধ, পরে নাটক এবং শেষপর্যন্ত কবিতায় নিজস্ব স্বর খুঁজে পান। ১৯৭২ থেকে ২০০০ সাল পর্যন্ত হিন্দি, সাদরি ও কুরুখ ভাষায় ১৪টি নাটক লেখার পাশাপাশি নির্দেশনা ও অভিনয় করেছেন। তাঁর ‘কোড়া রাজী’, ‘নাম্হায় খেঁস’ ও ‘পুনা বিল্লি’ নাটক রাঁচি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে স্থান পেয়েছে।
২০০৫ সাল থেকে প্রমোদ নাথ, পবিত্র ভূষণ সরকার সহ কবি-লেখক বন্ধুদের প্রেরণায় কবিতা লেখায় আরও মন দেন। কুরুখ ভাষায় তাঁর কবিতার সংকলন ‘নির্বাচিত কুরুখ কবিতা’ বাংলা অনুবাদ সহ প্রকাশিত হয়েছে। পাশাপাশি হিন্দি, সাদরি ও বাংলাতেও কবিতা, গল্প ও প্রবন্ধ লিখে চলেছেন। সাহিত্যচর্চার স্বীকৃতি হিসেবে পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মান। জাকিরউদ্দিন সরকার স্মৃতি পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকারের তাম্রপত্র সহ গুণীজন সম্মাননা, কুরুখ ভাষা প্রসারে আজীবন অবদানের সম্মাননা, ঝাড়খণ্ডি ভাষা সাহিত্য সংস্কৃতি আখড়া সম্মান, সিঞ্চুলা পুরস্কার এবং উত্তরবঙ্গ সাহিত্য আকাদেমি সম্মান সহ একাধিক স্বীকৃতি পেয়েছেন। তাঁকে নিয়ে কিছুদিন আগে ‘তারারা’ পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে। ভাষা, মাটি ও কৃষিজীবনের সঙ্গে গভীর যোগই তাঁর কবিতার স্বরকে করে তুলেছে স্বতন্ত্র। কুরুখ ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিস্তার এবং রক্ষার্থে নিজের জীবনকে উৎসর্গ করেছেন।
এক কাপ চা
মহাশয়, সকালে উঠেই খাও
পালং চা, বেড টি
গরব চা-এর চুম্বনের সাথেই
আরম্ভ হয় তোমার দিনচর্যা।
তুমি জানো কি?
আমার অকুশল হাতে
শীত, গ্রীষ্ম বর্ষায় ভিজে
তুলি চা-এর সবুজ সবুজ
দুটি পাতা একটি কুঁড়ি
যত্ন সহকারে।
বাচ্চাকে অভুক্ত রেখে
শ্রম করি তোমার জন্য
আমার ঘাম ও রক্তের মিশ্রণে
তৈরি হয় এক কাপ চা।
এই চা-এ লুকিয়ে আছে
অতীতের বেদনাদায়ক ইতিহাস
বঞ্চনা, অমর্যাদিত বর্তমান ও
অনিশ্চিত ভয়াবহ ভবিষ্যৎ!
The submit উত্তরের কবিমুখ appeared first on Uttarbanga Sambad.
