উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন থামছে না। ময়নাতদন্ত রিপোর্ট (Publish Mortem) ইতিমধ্যে ভারতের হাতে তুলে দিয়েছে সিঙ্গাপুর পুলিশ (Singapore Police)। এসবের মাঝেই বিস্ফোরক দাবি করলেন জুবিনের ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী। তাঁর দাবি, শিল্পীর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও সিঙ্গাপুরের অনুষ্ঠানের উদ্যোক্তা শ্যামকানু মহান্ত জুবিনকে ‘বিষ’ (Poison) দিয়ে থাকতে পারেন। পরে বিষয়টিকে দুর্ঘটনা বলে সাজিয়ে গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হতে পারে।
গোস্বামীর বক্তব্য, সিঙ্গাপুরের হোটেলে শর্মার আচরণ ছিল সন্দেহজনক ছিল। তিনি আরও জানান, ঘটনার দিন ইয়টে (Yacht) বেড়াতে গিয়ে শর্মা জোর করে বোটের নিয়ন্ত্রণ নেন, ফলে মাঝসমুদ্রে সেটি বিপজ্জনকভাবে দুলতে থাকে। শুধু তাই নয়, তিনি নাকি সিঙ্গাপুরে থাকা অসম অ্যাসোসিয়েশনের সদস্য তন্ময় ফুকনকে জানান, পানীয়ের ব্যবস্থা তিনি নিজেই করবেন, অন্য কাউকে কিছু আনতে হবে না। তাঁর এও দাবি, জুবিন একজন দক্ষ সাঁতারু ছিলেন। এমনকি তিনিই তাঁদের প্রশিক্ষণ দিয়েছিলেন। ফলে তাঁর ডুবে মারা যাওয়ার প্রশ্নই ওঠে না। এই অভিযোগের পর শর্মা ও মহান্তকে নিয়ে সন্দেহ আরও বেড়েছে পুলিশের।
প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারান জুবিন। তাঁর মরদেহ প্রথমে দিল্লি আনা হয়। পরে একটি বাণিজ্যিক বিমানে করে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়। ঘটনায় অসমজুড়ে শোকের আবহ। এদিকে গায়কের অকাল প্রয়াণে নানা প্রশ্ন উঠে আসে। জুবিনের স্ত্রী গরিমা আশঙ্কা প্রকাশ করেন স্বামীর মৃত্যু নিয়ে। গোটা ঘটনায় তদন্ত চলছে।
