উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তাঁর ভক্তদের এক দারুণ সুখবর শোনালেন। দ্বিতীয়বারের মতো বাবা হলেন এই অভিনেতা, আর এবার তাঁর ঘর আলো করে এসেছে এক কন্যাসন্তান! উল্লখ্য, অপূর্বর একটি ছেলে রয়েছে, যার নাম জায়ান ফারুক আয়েশ। দ্বিতীয় স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে বিয়ে ভাঙার পরেও ছেলের সঙ্গে তাঁর সুসম্পর্ক থেকেই গিয়েছে।
এদিন অভিনেতা নিজেই তাঁর সদ্যোজাত কন্যার ছোট্ট হাতের একটি মিষ্টি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে এই আনন্দের খবরটি সকলের সঙ্গে ভাগ করে নেন। অপূর্ব এবং তাঁর বর্তমান স্ত্রী শাম্মা দেওয়ান এই নতুন অতিথির নাম রেখেছেন অনয়া।
২০২১ সালে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছিলেন অপূর্ব। আমেরিকা-প্রবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে তাঁর বিবাহ নিয়ে একসময় বিস্তর আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছিল। তবে সকল বিতর্ককে তুচ্ছ করে অপূর্ব স্পষ্ট জানিয়েছিলেন, “বিয়ে করেছি, চুরি করিনি!” ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের উপস্থিতিতেই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের চার বছর পর এই দম্পতি তাঁদের প্রথম সন্তানের জন্ম দিলেন, যা তাঁদের দাম্পত্যে এনে দিল নতুন এক পূর্ণতা। উল্লেখ্য,শাম্মা আমেরিকায় বড় হয়েছেন এবং পেশায় তিনি একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড ম্যানেজার।
