কলকাতা: লখনউ সুপার জায়েন্টস ছেড়ে দিলেন প্রাক্তন জোরে বোলার জাহির খান। লখনউয়ের সঙ্গে মেন্টর জাহিরের চুক্তি ছিল এক বছরের। মাসখানেক আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল, ২০২৬ সালের আইপিএলে জাহির লখনউয়ে থাকছেন না। বৃহস্পতিবার সরকারিভাবে এলএসজি-র তরফে সেই ঘোষণা হয়ে গিয়েছে। সঙ্গে জাহিরকে নিয়ে শুরু হয়েছে নয়া জল্পনা। আগামী আইপিএলে তাঁকে কি কলকাতা নাইট রাইডার্সের সাজঘরে দেখা যাবে? প্রশ্নটা ক্রমশ জোরদার হচ্ছে।
শেষ আইপিএলে ব্যর্থতার পর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে ছাঁটাই করেছিল কেকেআর। পণ্ডিত ছাঁটাইয়ের কিছুদিন পরই নাইটদের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে লখনউয়ে যোগ দেন ভরত অরুণ। ফলে কেকেআরের কোচ, বোলিং কোচ- সব জায়গাই এখন খালি। নাইটদের তরফে নয়া কোচ কি খোঁজ চলছে। সেই কোচের ভূমিকায় কি এবার জাহিরকে দেখা যাবে? কেকেআরের তরফে এখনও কোনও মন্তব্য করা না হলেও এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
