উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার যুবরাজ সিং কেন হঠাৎ অবসর নিয়েছিলেন, তা নিয়ে দীর্ঘ সময় ধরে নানা জল্পনা চলেছে। সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার সঞ্চালিত পডকাস্ট ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’-তে (Serving it Up with Sania) মন খুলে কথা বললেন টিম ইন্ডিয়ার ‘সিক্সার কিং’। তাঁর অবসরের সিদ্ধান্তের নেপথ্যে যে অভিমান এবং মানসিক ক্লান্তির এক দীর্ঘ ইতিহাস ছিল, তা এখন স্পষ্ট।
যুবরাজ জানান, তাঁর অবসরের সিদ্ধান্ত মোটেই আকস্মিক ছিল না। বরং দীর্ঘদিনের মানসিক ও শারীরিক অবসাদ তাঁকে এই পথে ঠেলে দিয়েছিল। একসময় যে ক্রিকেট ছিল তাঁর প্রাণ, ক্যারিয়ারের শেষ দিকে সেই ক্রিকেটই তাঁর কাছে অসহ্য এক বোঝা হয়ে দাঁড়িয়েছিল।
সম্মান ও সমর্থনের অভাব
সাক্ষাৎকারে আক্ষেপের সুর শোনা গেল যুবরাজের গলায়। তিনি জানান, শেষের দিনগুলোতে দলের অন্দরমহল থেকে পর্যাপ্ত সমর্থন এবং সম্মান পাননি তিনি। যুবরাজের কথায়,”আমি খেলাটা আর উপভোগ করছিলাম না। আমার মনে হতো, কেন আমি খেলছি যখন আনন্দটাই হারিয়ে গেছে? আমি কোনও সমর্থন পাচ্ছিলাম না, পাচ্ছিলাম না যোগ্য সম্মান।”
তিনি আরও যোগ করেন, “আমি আমার সেরাটা দিয়েছি। তাহলে কেন আমি শুধু নিজেকে প্রমাণ করার জন্য এমন কিছু টেনে নিয়ে যাব যা আমাকে আর খুশি দিচ্ছে না?”
অবসরেই মিলেছে মুক্তি
২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর এক অদ্ভুত স্বস্তি অনুভব করেছিলেন যুবরাজ। তিনি জানান, যে মুহূর্তে তিনি ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নেন, সেই মুহূর্ত থেকেই তিনি আবার পুরনো ‘আমি’-কে ফিরে পান। বর্তমানে তিনি গলফ খেলে সময় কাটান, যেখানে প্রতিযোগিতা আছে কিন্তু কোনও মানসিক চাপ নেই। যুবরাজ মনে করেন, জীবনের প্রতিটি মানুষের এমন একটি পর্যায় আসে যখন নিজের ভালো থাকার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তাঁর ক্ষেত্রেও অবসরের সিদ্ধান্তটি ছিল মানসিক শান্তি ফিরে পাওয়ার একমাত্র উপায়।
