নয়াদিল্লি: ধর্ষণ মামলার জের। আরও সংকটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা পেসার যশ দয়ালের ক্রিকেট কেরিয়ার। উত্তরপ্রদেশ টি২০ লিগে যশের খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৭ লক্ষ টাকায় গোরখপুর লায়ন্সে সই করেছিলেন। ১৭ অগাস্ট শুরু হচ্ছে প্রতিযোগিতা। তার আগেই কোপ।
স্থানীয় সঙ্গনির সদর পুলিশ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। যার প্রেক্ষিতে বোর্ডের তরফে দয়ালের খেলার ওপর নিষেধাজ্ঞা। ফলস্বরূপ, লিগ থেকে আপাতত নির্বাসন। সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকেও জানিয়ে দেওয়া হয়েছে, দয়ালকে দলে না রাখার জন্য। তথ্যাভিজ্ঞ মহলের ধারণা, শুধু উত্তরপ্রদেশ টি২০ লিগ নয়, এই নির্বাসনের প্রভাব পড়বে দয়ালের কেরিয়ারে।
আইপিএলে এখনও পর্যন্ত গুজরাট টাইটান্স ও আরসিবি-র হয়ে খেলেছেন। গত মেগা লিগে আরসিবি-কে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেন। কেরিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ার মুখেই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। যে মামলায় গ্রেপ্তারি এড়াতে আগাম জামিন চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছিলেন দয়াল। কিন্তু রাজস্থান হাইকোর্ট যে আবেদন খারিজ করে দেয়।
দয়ালের আইনজীবী ষড়যন্ত্রের দাবি জানালেও, তা ধোপে টেকেনি। ২২ অগাস্ট ফের শুনানি রয়েছে। জল শেষপর্যন্ত কোথায় পৌঁছোয় সেটাই দেখার। তবে একটা বিষয় পরিষ্কার, একাধিক ধর্ষণের অভিযোগে দয়ালের ক্রিকেট কেরিয়ার অনিশ্চয়তার অন্ধকারে। শুধু উত্তরপ্রদেশ টি২০ লিগ নয়, আইনি জট না কাটলে, জল আইপিএল পর্যন্ত গড়ানোর সম্ভাবনা।
