উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রথম ম্যাচে বেঙ্গালুরুর কাছে শেষ বলের হার বদলে গিয়েছিল যন্ত্রণায়। কিন্তু শনিবার দিল্লির বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সকে দেখাল এক্কেবারে অন্য মেজাজে। ব্যাটিং ও বোলিং— দুই বিভাগেই জেমাইমা রদ্রিগেজের দিল্লিকে টেক্কা দিয়ে ৫০ রানের বিশাল জয় তুলে নিল নীল ব্রিগেড।
টস জিতে ফিল্ডিং করার দিল্লির সিদ্ধান্ত শুরুতে সঠিক মনে হচ্ছিল যখন ইনিংসের প্রথম বলেই শূন্য রানে ফিরে যান তারকা ওপেনার অ্যামেলিয়া কের। কিন্তু সেখান থেকেই শুরু হয় পাল্টা লড়াই।
- ন্য্যাট শিভার ব্রান্ট: কের ফিরলেও শিভার ছিলেন আক্রমণাত্মক। মাত্র ৩২ বলে হাফ-সেঞ্চুরি পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত ৪৬ বলে ৭০ রানের (১৩টি চার) ঝোড়ো ইনিংস খেলে মুম্বইয়ের ভিত গড়ে দেন এই ব্রিটিশ অলরাউন্ডার।
- হরমনপ্রীত কৌর: আগের ম্যাচে রান না পেলেও এদিন অধিনায়কসুলভ ইনিংস খেললেন হরমন। ৪২ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংসে ছিল ৮টি চার এবং ৩টি বিশাল ছক্কা। মুম্বই নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৯৫ রান।
১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই মুখ থুবড়ে পড়ে দিল্লির ব্যাটিং লাইন-আপ। লিজেল লি (১০), শেফালি বর্মা (৮) বা লরা উলভার্ট (৯)— কেউই রান পাননি। এমনকি অধিনায়ক জেমাইমা রদ্রিগেজও মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। দিল্লির হয়ে একমাত্র লড়াইটা লড়লেন ক্যারিবিয়ান অলরাউন্ডার চিনেল হেনরি। তাঁর ৩৩ বলে ৫৬ রানের (৫টি চার ও ৩টি ছয়) লড়াকু ইনিংস হারের ব্যবধান কিছুটা কমালেও জয় এনে দেওয়ার জন্য তা যথেষ্ট ছিল না। ১৯ ওভারে ১৪৫ রানেই গুটিয়ে যায় দিল্লির ইনিংস।
দিনের অন্য খেলায় রোমাঞ্চকর লড়াইয়ে ইউপি ওয়ারিয়র্জকে ১০ রানে হারিয়েছে গুজরাত জায়ান্টস। প্রথমে ব্যাট করে অ্যাশলে গার্ডনারের ৬৫ ও জর্জিয়া ওয়ারেহ্যামের ক্যামিওতে ২০৭ রান তোলে গুজরাত। জবাবে লারা লিচফিল্ডের বিধ্বংসী ৭৮ রানের পরেও ১৯৭ রানেই থেমে যায় ইউপি-র দৌড়।
