World’s Highest-Paid PM | বিশ্বের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত প্রধানমন্ত্রীর মাইনে একধাক্কায় বাড়ল ৬০ শতাংশ! বছরে কত পাবেন জানেন?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্বের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত রাষ্ট্রনেতা হিসেবে পরিচিত (World’s Highest-Paid PM) সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের (Singapore PM Lawrence Wong) বেতন এবার আরও বাড়ল। একধাক্কায় ৬০ শতাংশেরও বেশি বাড়ানো হয়েছে তাঁর বার্ষিক মূল বেতন (Wage Hike)। ফলে তিনি এবার পাবেন প্রায় ৩৬ লক্ষ সিঙ্গাপুর ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৭ কোটি টাকা। সে দেশের সরকারের যুক্তি, সুশাসন বজায় রাখতে এবং মেধাবী ব্যক্তিদের রাজনীতিতে আকৃষ্ট করতেই এই বেতন বৃদ্ধি অপরিহার্য।

এর আগে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন ছিল ২২ লক্ষ সিঙ্গাপুর ডলার (১৬.৫ কোটি টাকা)। যা বেড়ে এবার হল ৩৬ লক্ষ সিঙ্গাপুর ডলার। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর পাশাপাশি উপপ্রধানমন্ত্রীর বেতনও ১৮ লক্ষ ৭০ হাজার সিঙ্গাপুর ডলার (১৪.০২ কোটি টাকা) থেকে বেড়ে ৩০ লক্ষ ৬০ হাজার সিঙ্গাপুর ডলার (২২.৯৪ কোটি টাকা) হবে। পোর্টফোলিওর দায়িত্ব ও জ্যেষ্ঠতার ওপর ভিত্তি করে মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীদের বেতন ১৮ লক্ষ সিঙ্গাপুর ডলার (১৩.৫ কোটি রুপি) থেকে ২৮ লক্ষ ৮০ হাজার সিঙ্গাপুর ডলার (২১.৫৯ কোটি রুপি)-এর মধ্যে বেতন পাবেন। তবে সমস্ত মন্ত্রী অবিলম্বে এই পূর্ণ বেতন পাবেন না। আগামী ১৫ অক্টোবর থেকে বর্তমান মন্ত্রীরা এককালীন সর্বাধিক ৯ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি পাবেন। প্রধানমন্ত্রী লরেন্স ওং অবশ্য ঘোষণা করেছেন যে, তাঁর নিজের বেতনের পুরো বাড়তি অংশটি তিনি ভালো কোনও সামাজিক কাজে দান করবেন।

সিঙ্গাপুরে ১৫ বছর ধরে মন্ত্রীদের বেতন সংশোধিত হয়নি। তাই একটি স্বাধীন কমিটির সুপারিশ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক বেতনের ব্যবধান বজায় থাকায় ভবিষ্যতে নেতৃত্ব তুলে আনার কাজ কঠিন হয়ে পড়ছিল বলে জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী। তিনি জানান, এর আগে সাধারণ নির্বাচনের আগে তিনি একাধিক স্থায়ী সচিব ও বেসরকারি খাতের সিইও-দের রাজনীতিতে যোগ দেওয়ার অনুরোধ করলেও অনেকে বড় অঙ্কের বেতনের কথা মাথায় রেখে রাজি হননি। যদিও নতুন বেতন কাঠামো বেসরকারি খাতের সমতুল্য নয়, তবুও রাজনীতিতে আসার আর্থিক ঝুঁকি কিছুটা কমানোই এর মূল লক্ষ্য।

মন্ত্রীদের পাশাপাশি সিঙ্গাপুরের সাংসদদের ভাতাও বাড়ানো হচ্ছে। আগামী ১৫ অক্টোবর থেকে তাঁদের মাসিক ভাতা ১৩,৭৫০ সিঙ্গাপুর ডলার থেকে বাড়িয়ে ১৮,৫০০ সিঙ্গাপুর ডলার করা হচ্ছে। দুর্নীতি দমনে এবং বিশ্বের সেরা মেধাগুলোকে সরকারি সেবায় যুক্ত করতে সিঙ্গাপুর দীর্ঘদিন ধরেই চড়া বেতনের এই নীতি অনুসরণ করে আসছে। সমস্ত রাজনৈতিক অফিসে এই সংশোধিত বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারের বাৎসরিক খরচ প্রায় ১ কোটি ১৬ লক্ষ সিঙ্গাপুর ডলার বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *