উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : রবিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। স্বপ্নপূরণের আনন্দে মাতোয়ারা আসমুদ্র হিমাচল। তাঁরা যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন, তা যেন এখনও বিশ্বাস করতে পারছেন না জেমিমা রডরিগেজ, স্মৃতি মান্ধানারা। বিশ্বকাপ জিতে ট্রফি জড়িয়ে ঘুমিয়ে পড়েছিলেন জেমিমা, মান্ধানারা। সোমবার সকালে নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন জেমিমা। একটি ছবিতে দেখা যাচ্ছে, তিনি ও মান্ধানা ট্রফি নিয়ে হোটেলের ঘরে শুয়ে রয়েছেন। ক্যাপশনে লেখা, ‘গোটা বিশ্বকে শুভ সকাল।’ আরও একটি ছবি দেন জেমিমা। সেখানে তাঁরা দুজন ছাড়াও রয়েছেন অরুন্ধতী রেড্ডি ও রাধা যাদব। সেই ছবির ক্যাপশনে জেমিমা লিখেছেন, ‘এখনও কি স্বপ্ন দেখছি?’ এতে বোঝাই যাচ্ছে, ভারতীয় ক্রিকেটারদের বিশ্বজয়ের ঘোর এখনও কাটেনি।
