লন্ডন: ক্রিকেটের বাইবেল হিসেবে পরিচিত উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেলেন জসপ্রীত বুমরাহ ও স্মৃতি মান্ধানা। গত মরশুমে ব্যক্তিগত সাফল্যের সুবাদে উইজডেন বর্ষসেরা ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছে ভারতীয় স্পিডস্টারকে। বুমরাহর পাশাপাশি মহিলা বিভাগে বর্ষসেরার সম্মান স্মৃতি মান্ধানাকে।
মঙ্গলবার উইজডেনের ক্রিকেটার্স অ্যালমানাকের ২০২৫ সালের সংস্করণ প্রকাশিত হয়। পুরুষ ও মহিলা বিভাগে সেরার শিরোপা পান ভারতের দুই ক্রিকেট তারকা। ২০২৪ সালের অস্ট্রেলিয়া সফরে ভারত ব্যর্থ হলেও গোটা সিরিজে বুমরাহর ব্যক্তিগত পারফরমেন্স প্রশংসা কুড়িয়ে নেয়।
প্রায় একার কাঁধে অজিদের পালটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। ১৩.০৬ গড়ে সিরিজে ৩২ উইকেট নেন। সবমিলিয়ে গত মরশুমে ৭১টি টেস্ট উইকেট। বিশ্বের একমাত্র বোলার হিসেবে ২০-র কম গড়ে ২০০ টেস্ট উইকেট পান বুমরাহ। যার প্রতিফলন উইজডেনের বর্ষসেরা পুরস্কারে। অবদান রাখেন ভারতের টি২০ বিশ্বকাপ জয়েও।
অপরদিকে ভারতীয় মহিলা দলের সহ অধিনায়ক মান্ধানা মহিলা ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে সর্বাধিক ১৬৫৯ রান করেন। এক ক্যালেন্ডার বর্ষে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে যা নজির। ২০২৪ মরশুমে ওডিআই ক্রিকেটে চারটি শতরান করেন স্মৃতি।
