উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : রাজ্যে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর প্রক্রিয়া। জমা পড়েছে এনুমারেশন ফর্ম। তার ভিত্তিতে মঙ্গলবার প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে খসড়া ভোটার তালিকা। তবে বুথ লেভেল অফিসার (বিএলও)-দের ব্যবহারের জন্য তৈরি বিএলও অ্যাপে ইতিমধ্যে চলে এসেছে খসড়া তালিকা। যদিও সর্বসাধারণের জন্য তালিকা প্রকাশ হবে মঙ্গলবার। খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরে সেখানে নাম রয়েছে কি না, তা যাচাই করে নেওয়ার জন্য ভোটারদের পরামর্শ দিয়েছে কমিশন। কমিশন জানিয়েছে, ভোটাররা বিএলও-দের সঙ্গে যোগাযোগ করে তা তথ্য যাচাই করতে পারবেন। কমিশনের ‘ইসিআইনেট’ মোবাইল অ্যাপ থেকেও তা জানা যাবে। এছাড়া কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট এবং রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক (সিইও)-এর ওয়েবসাইট থেকেও তা যাচাই করে নিতে পারবেন ভোটারেরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম খসড়া তালিকা থেকে বাদ যেতে পারে। যদিও এবিষয়ে কমিশনের তরফে এখন নিশ্চিতভাবে জানানো হয়নি। প্রথমে ঠিক ছিল ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা। পরে তা পিছিয়ে ১৬ ডিসেম্বর হয়।
