উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল তথা আচার্যের ক্ষমতা বদলের প্রস্তাব সংক্রান্ত দুই সংশোধনী বিলে (West Bengal College Invoice) সম্মতি দিলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। ওই বিলগুলিতে বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদে রাজ্যপালের (Governor) বদলে মুখ্যমন্ত্রীকে (Chief Minister) বসানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাতে রাষ্ট্রপতি সই না করায় আপাতত আচার্যের পদে বসতে পারবেন না মুখ্যমন্ত্রী।
রাজভবন সূত্রে জানা গিয়েছে, গত বছরের এপ্রিলে পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধনী) বিল, ২০২২ রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রাখা হয়েছিল। রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে আচার্যের পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে যাতে বসানো হয়, সেই প্রস্তাব ছিল ওই বিলে। একইসঙ্গে আলিয়া বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল, ২০২২-ও রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রাখা হয়েছিল। সেখানেও রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে আচার্য হিসেবে নিয়োগের প্রস্তাব রাখা হয়েছিল। কিন্তু এই দুই বিলেই সই করেননি রাষ্ট্রপতি। কারণ বর্তমানে রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মূল আইনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, রাজ্যপাল নিজের পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন। সেবিষয়টি বিবেচনা করেই সংশোধনী দু’টি বিলে সম্মতি জানাননি রাষ্ট্রপতি।
উল্লেখ্য, রাজ্যের মন্ত্রীসভার বৈঠকেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই মতো শুরু হয়েছিল আইন সংশোধনের কাজ। বিধানসভায় সেই বিল পাশ হওয়ার পর রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল। কিন্তু তাতে রাষ্ট্রপতি সই না করায় আপাতত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে বহাল থাকছেন রাজ্যপালই।
