অন্ডাল ও দুর্গাপুর: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৭০ দশকের একটি পুরোনো জলের ট্যাংক (Water Tank Collapsed)। বুধবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের অন্ডালে (Andal) ইসিএলের শ্যামসুন্দরপুর কোলিয়ারীতে (ECL)। এই ঘটনায় সঙ্গীতা দেবী (৫০) ও প্রভাবতী ভূঁইয়া (৫০) নামে দুই মহিলা কর্মী আহত হয়েছেন। তাঁদের দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের পরই বুধবার জলের বিশাল ট্যাংকটি ভেঙে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষের চূড়ান্ত অবহেলা ও দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে। এই ট্যাংক থেকে স্থানীয় প্রায় হাজারেরও বেশি পরিবারে জল সরবরাহ করা হত। ট্যাংকটি ভেঙে পড়ায় ওই এলাকায় এখন তীব্র জলসংকটের আশঙ্কা দেখা দিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের নেতারা। তাঁদের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষ নজরদারি চালালে এমন বড় দুর্ঘটনা এড়ানো যেত। ভবিষ্যতে আরও বড় বিপদের আশঙ্কা করছেন এলাকাবাসী। যদিও এই ঘটনায় ইসিএলের পক্ষ থেকে সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সূত্রের খবর, কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ইসিএল কর্তৃপক্ষ।

