উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তিনি খুব ভাল ব্যাট করতে পারেন। ভাল ফিল্ডিং করতে পারেন। দরকারে দু’-এক ওভার বলও করতে পারেন। ক্রিকেট মাঠে এটাই বিরাট কোহলির চেনা ছবি। কিন্তু বাইশ গজের বাইরেও বিরাটের আরও কিছু গুণ রয়েছে। তা হয়ত অনেকেরই অজানা। সেই অজানা তথ্যই এবার প্রকাশ্যে আনলেন মহেন্দ্র সিং ধোনি।
একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে কোহলির কয়েকটি গুণের কথা তুলে ধরেছেন তিনি। ধোনির কথায়, “কোহলি খুব ভাল গান করে, ওর গানের গলা খুব ভালো। ভাল নাচতে পারে, লোককে খুব ভাল নকল করতে পারে এছাড়াও খুব মজা করতে পারে। কোহলির যদি মুড ভালো থাকে তাহলে সকলকে মাতিয়ে রাখেন।
আগেও কোহলিকে বিভিন্ন অনুষ্ঠানে নাচের ক্ষেত্রে পা মেলাতে দেখা গিয়েছে। কিন্তু কোহলি যে ভাল গাইতে পারেন ও মিমিক্রি করতে পারেন তা এতদিন অজানা ছিল সবার। সেটাই এবার প্রকাশ্যে আনলেন ধোনি।
মাঠের বাইরেও ধোনির সঙ্গে কোহলির সম্পর্ক খুব ভাল। সেটা বার বার দু’জনের কথাতে ধরা পড়েছে। কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে কোহলি জানান, কেরিয়ারের দুঃসময়ে তাঁর পাশে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি আরও বলেন, টেস্ট অধিনায়কত্ব থেকে ইস্তফা দেওয়ার পর আগে যাঁদের সঙ্গে খেলেছি তাঁদের মধ্যে শুধু ধোনির থেকে বার্তা পেয়েছিলাম। অনেকের কাছে আমার নম্বর রয়েছে। টিভিতে বা বাইরে বিভিন্ন জায়গায় তাঁরা আমার উদ্দ্যেশ্যে অনেক পরামর্শ দিয়েছেন। কিন্তু ব্যক্তিগতভাবে কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি। সেক্ষেত্রে ধোনি আমার কাছে ব্যাতিক্রম।
