উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক দুঃসাহসিক সামরিক অভিযান চালিয়ে সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে (Nicolas Maduro) বন্দি করেছে মার্কিন সেনা (Venezuela Operation)। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) নিজেই ট্রুথ সোশ্যালে একথা নিশ্চিত করেছেন। আমেরিকার এই পদক্ষেপ একেবারেই অপ্রত্যাশিত ছিল।
তবে সূত্রের খবর, সাম্প্রতিক সময়ের অন্যতম জটিল এই মার্কিন অভিযানের প্রস্তুতি কয়েক মাস ধরেই চলছিল। মার্কিন সেনার ‘ডেল্টা ফোর্স’ মাদুরোর বাসভবনের কড়া নিরাপত্তা বলয় ভেদ করার জন্য বারবার মহড়া দিয়েছিল। গত অগাস্ট মাস থেকেই সিআইএ-র একটি বিশেষ দল কারাকাসে মাদুরোর গতিবিধির উপর সর্বদা নজর রাখছিল। এমনকি মাদুরোর অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি সিআইএ-র চর হিসেবে কাজ করে তাঁর সঠিক অবস্থান জানিয়ে দেয় বলে খবর। যা মাদুরোকে বন্দি করার এই অভিযান মার্কিন সেনার জন্য অত্যন্ত সহজ করে তুলেছিল।
এই অভিযানটি কীভাবে সম্পন্ন হয়েছিল তার বর্ণনা দিয়েছেন ট্রাম্প। ফ্লোরিডার মার-আ-লাগো ক্লাবে তাঁর প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বসে পুরো অভিযানের সরাসরি সম্প্রচার দেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। পরবর্তীতে সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, ‘গত কাল আমেরিকা যা অর্জন করেছে, বিশ্বের কোনও দেশ তা পারেনি। অল্প সময়ের মধ্যেই ভেনেজুয়েলার সমস্ত সামরিক ক্ষমতা শক্তিহীন হয়ে পড়েছিল।’ মাদুরোর বাসভবনকে ‘অত্যন্ত সুরক্ষিত’ দুর্গ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মার্কিন সেনা এমন সব জায়গায় ঢুকে পড়েছিল যেখানে আসলে ঢোকা সম্ভব ছিল না। ইস্পাতের দরজাগুলি ঠিক এই কারণেই সেখানে লাগানো হয়েছিল। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট একটি নিরাপদ কক্ষে পৌঁছানোর চেষ্টা করলেও তিনি ব্যর্থ হয়েছিলেন। তাঁকে এত দ্রুত ঘিরে ফেলা হয়েছিল যে তিনি আর পালাতে পারেননি।’ ট্রাম্প এও নিশ্চিত করেছেন যে, এই অভিযানে বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হলেও কেউ নিহত হননি।
