উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: গঙ্গার পবিত্রতাকে (Ganges) উপেক্ষা করে নৌকার ওপর মদ্যপান এবং রান্নাবান্নার অভিযোগে উত্তাল বারাণসী (Varanasi)। এই ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে সংশ্লিষ্ট নৌকাটিও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় রাতের অন্ধকারে গঙ্গার বুকে একটি নৌকায় একদল ব্যক্তি বসে মদ্যপান করছেন (Ingesting alcohol) এবং রান্নাবান্নার আয়োজন চলছে (Cooking hen)। ভিডিওটি সামনে আসতেই তীব্র জনরোষের সৃষ্টি হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং জনসমক্ষে অভব্য আচরণের অভিযোগে সরব হন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত তদন্তে নামে বারাণসী পুলিশ। দশাশ্বমেধ থানা এলাকার ওই ভিডিওটির সূত্র ধরে পাঁচ অভিযুক্তকে চিহ্নিত করা হয়। ধৃতদের নাম দীপক কুমার, অজয় সাহানি, অরুণ কুমার সাহানি, অনুরাগ নিষাদ এবং রাহুল সাহানি। ধৃতরা সকলেই রামনগর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
দশাশ্বমেধের এসিপি অতুল অঞ্জন ত্রিপাঠী জানিয়েছেন, ভিডিওটি দেখে মনে হচ্ছে এটি শীতকালীন সময়ের। তিনি বলেন, ‘ভিডিওটি ভাইরাল হতেই পুলিশ তৎপর হয় এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। যে নৌকায় ঘটনাটি ঘটেছে, সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে। আমরা এই ধরনের ঘটনা রুখতে নিয়মিত নজরদারি চালাচ্ছি।’
তবে এটিই প্রথম নয়, গত কয়েক মাসে গঙ্গার বুকে এমন বিতর্কিত ঘটনার একাধিক উদাহরণ সামনে এসেছে। গত মার্চ মাসে রমজানের সময় নৌকায় ইফতার আয়োজন এবং মে মাসে গঙ্গায় স্নানরত অবস্থায় মদ্যপানের ভিডিও ঘিরেও ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল।
বারাণসী প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, গঙ্গার পবিত্রতা ক্ষুণ্ণ করে এমন কোনও কাজ বরদাস্ত করা হবে না। স্থানীয় নৌকার মালিক থেকে পর্যটক—সকলকেই সতর্ক করা হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন পুলিশ কর্তারা।

