Vande Mataram | রাজ্যের সমস্ত স্কুলে বাধ্যতামূলক হচ্ছে ‘বন্দে মাতরম’! সোমবার থেকেই নয়া নিয়ম চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর

Vande Mataram | রাজ্যের সমস্ত স্কুলে বাধ্যতামূলক হচ্ছে ‘বন্দে মাতরম’! সোমবার থেকেই নয়া নিয়ম চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হতে চলেছে। আগামী সোমবার থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি স্কুলে প্রার্থনা সংগীত হিসেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দে মাতরম’ (Vande Mataram) গাওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই সিদ্ধান্তের কথা স্পষ্ট করে জানিয়েছেন। তিনি বলেন, আগামী সোমবার থেকেই এই নির্দেশ কার্যকর হবে এবং এই বিষয়ে নবান্নে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে।

ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জেলাভিত্তিক স্কুল পরিদর্শক (DI) ও আধিকারিকদের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয়েছে। বর্তমানে রাজ্যে তীব্র দাবদাহের কারণে ৩১ মে পর্যন্ত গরমের ছুটি বাড়ানো হলেও, স্কুল খোলার আগে থেকেই এই প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছেন শিক্ষকরা। আলিপুরদুয়ার (Alipurduar) জেলার প্রাথমিক স্কুল পরিদর্শক লক্ষ্মণা গোলে জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পরেই তাঁরা বিভিন্ন শিক্ষক গ্রুপে বিষয়টি কার্যকর করার জন্য মেসেজ পাঠিয়েছেন। খুব শীঘ্রই এই সংক্রান্ত লিখিত সরকারি আদেশপত্রও স্কুলগুলোর হাতে পৌঁছাবে।

এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব এবং অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ (এবিআরএসএম)। সংগঠনের নেতা অসীম দাস বলেন, “এতদিন সাম্প্রদায়িকতার দোহাই দিয়ে এই রাষ্ট্রগীত বন্ধ রাখা হয়েছিল। আমরা হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছি, তাই এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।” অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই সিদ্ধান্তকে ‘বিকৃত ইতিহাস বদলানোর সঠিক সময়’ বলে বর্ণনা করেছেন। তিনি অভিযোগ করেন, কেন্দ্রের নির্দেশ থাকলেও তৎকালীন সরকার তা কার্যকর করতে দেয়নি। পাশাপাশি, ২০ জুনের গুরুত্ব স্মরণ করিয়ে তিনি ‘পশ্চিমবঙ্গ দিবস’ নিয়েও বার্তা দেন।

রাজনৈতিক ও সামাজিক মহলের মতে, স্কুল স্তরে এই নির্দেশিকা চালুর মাধ্যমে রাজ্যের শিক্ষাক্ষেত্রে এক নতুন জাতীয়তাবাদী চেতনার প্রসারের চেষ্টা করছে বর্তমান সরকার। স্কুল খোলার পরেই প্রতিটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সকালের প্রার্থনায় এই জাতীয় স্তোত্র ধ্বনিত হতে দেখা যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *