উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ১৪ বছর বয়সে প্রথম বার আইপিএল খেলতে নেমে সকলকে অবাক করে দিয়েছে বৈভব সূর্যবংশী। গুজরাতের বিরুদ্ধে ৩৫ বলে শতরান করেছে সে। আইপিএলের দ্রুততম শতরানের অধিকারী বৈভব। কিন্তু আপাতত তার ইংল্যান্ড সফরের দিকেই নজর। বৈভবের কথায়, আইপিএলে খেলাটা সব ক্রিকেটারদের কাছে একটা স্বপ্ন। এবছর প্রথম আইপিএল খেলে অনেক কিছু শিখেছি। এবছর যে ভুলগুলো করেছি সেগুলো সংশোধন করে পরের বছর আরও ভালো করে খেলতে হবে। পরের বছর আমরা যাতে ফাইনালে উঠি তার জন্য আরও পরিশ্রম করতে হবে।
এবছর আইপিএলে রাজস্থান সেভাবে নজর কাড়তে না পারলেও বৈভব ব্যক্তিগত ভাবে সাফল্য পেয়েছে। সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন পুরস্কার পেয়েছে সে। এদিকে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছে বৈভব। ২৪ জুন থেকে ইংল্যান্ডে সেই সিরিজ শুরু হচ্ছে। একটি ৫০ ওভারের ওয়ার্ম-আপ ম্যাচ, পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ এবং দু’টি মাল্টি-ডে ম্যাচ হবে। এই সুযোগকে কাজে লাগাতে মরিয়া সে। এবিষয়ে তার বক্তব্য, ‘নতুন প্রতিযোগিতা। প্রথমবার ইংল্যান্ডে যাচ্ছি। সেখানে নতুন অভিজ্ঞতা হবে। এজন্য প্রস্তুতি নিচ্ছি। কীভাবে ওখানে ম্যাচ খেলা হয় দেখতে চাই। ইংল্যান্ড থেকে ট্রফি নিয়ে ফিরতে চাই।’
