উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ আইপিএল শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগেই রাজস্থান রয়্যালস (RR) শিবিরে বইছে তারুণ্যের হাওয়া। যে রাজস্থান ২০০৮ সালে প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নের হাত ধরে প্রথম ট্রফি জিতেছিল, দীর্ঘ ১৮ বছর পর ফের সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে মরিয়া তারা। আর এই অভিযানে রাজস্থানের তুরুপের তাস হয়ে উঠেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নায়ক বৈভব সূর্যবংশী।
সম্প্রতি নেটে অনুশীলনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সিএসকে-র ১২ বছরের সোনালী অধ্যায় শেষ করে রাজস্থানে ফেরা অভিজ্ঞ স্পিনার রবীন্দ্র জাদেজাকে কার্যত পাড়ার বোলারে পরিণত করেছেন বৈভব। জাদেজার একের পর এক ডেলিভারি মাঠের বাইরে পাঠাতে দেখা যায় এই বাঁহাতি ব্যাটারকে। জাদেজার একটি ওভারের প্রায় সবকটি বলেই বাউন্ডারি বা ওভার-বাউন্ডারি হাঁকান তিনি, যার মধ্যে মাত্র একটি বল অফ-স্টাম্পের একটু বাইরে দিয়ে বেরিয়ে যায়।
🗡️🆚🥶 pic.twitter.com/02GTC3hCcr
— Rajasthan Royals (@rajasthanroyals) March 19, 2026
কেন বিশেষ এই বৈভব? হারারেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৮০ বলে ১৭৫ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলে ভারতকে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন করেছেন বৈভব। তার সেই বিধ্বংসী মেজাজ এখন রাজস্থান রয়্যালসের নেটেও অব্যাহত। অভিজ্ঞ জাদেজা, যিনি আইপিএল-এর অন্যতম সফল বোলার, তাকেও রেয়াত করলেন না এই ১৪ বছর বয়সী বিস্ময় বালক।
দলবদলের বড় চাল এবারের আইপিএল-এর আগে রাজস্থান ও চেন্নাই সুপার কিংসের (CSK) মধ্যে এক হাই-প্রোফাইল ট্রেড সম্পন্ন হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর মহানায়ক সঞ্জু স্যামসন পাড়ি দিয়েছেন চেন্নাই শিবিরে, আর তার পরিবর্তে রাজস্থানে ফিরেছেন ঘরের ছেলে রবীন্দ্র জাদেজা।
রাজস্থান রয়্যালস ভক্তদের প্রত্যাশা, অভিজ্ঞ জাদেজার মগজ আর বৈভবের পেশীশক্তির মিশেলে এবার ঘুচবে ট্রফি খরা। শেন ওয়ার্নের সেই ‘রকস্টার’ জাদেজা কি পারবেন নতুন প্রজন্মের ‘স্টারবয়’ বৈভবের সাথে মিলে রাজস্থানকে ফের চ্যাম্পিয়ন করতে? উত্তর দেবে মাঠের লড়াই।
