উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রশাসনকে বড়সড় ধাক্কা দিল মার্কিন সুপ্রিম কোর্ট (US Supreme Court docket)। মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ইলিনয়ের শিকাগো শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করার যে পরিকল্পনা ট্রাম্প করেছিলেন, তাতে আইনি নিষেধাজ্ঞা বহাল রেখেছে আদালত।
শিকাগোতে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য ন্যাশনাল গার্ড মোতায়েন করতে চেয়েছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু নিম্ন আদালত এই পদক্ষেপে আপত্তি জানায়। সেই রায়ের বিরুদ্ধে গত অক্টোবর মাসে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় হোয়াইট হাউস। কিন্তু মঙ্গলবার সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের আদেশই বহাল রাখে।
সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, সরকার এমন কোনও আইনি উৎস বা কর্তৃত্ব দেখাতে ব্যর্থ হয়েছে, যা সেনাবাহিনীকে ইলিনয়ে আইন কার্যকর করার অনুমতি দেয়। মজার বিষয় হল, আদালতের তিন রক্ষণশীল বিচারপতি স্যামুয়েল আলিটো, ক্ল্যারেন্স থমাস এবং নীল গোরসাচ এই রায়ের বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন।
আদালতের এমন রায়ে ক্ষুব্ধ ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন জানান, ফেডারেল ভবন এবং সরকারি সম্পত্তি দাঙ্গাবাজদের হাত থেকে রক্ষা করতেই সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আদালতের রায়ের পরেও আমাদের মূল লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হব না।
ইলিনয়ের ডেমোক্র্যাটিক গভর্নর জেবি প্রিটজকার এই রায়কে স্বাগত জানিয়ে একে ‘আমেরিকান গণতন্ত্রের জয়’ বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, এই রায় ট্রাম্পের ‘ক্ষমতার অপব্যবহার’ এবং ‘কর্তৃত্ববাদের’ পথে বড় বাধা হয়ে দাঁড়াবে।
উল্লেখ্য, ট্রাম্প ইতিমধ্যে লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন এবং মেমফিসের মতো তিনটি ডেমোক্র্যাট-শাসিত শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। শিকাগোর পাশাপাশি পোর্টল্যান্ডেও সেনা পাঠানোর চেষ্টা চালাচ্ছিল প্রশাসন, যা এখন আইনি মারপ্যাঁচে আটকে গেল।
