US Strikes in Syria | ফের উত্তপ্ত পশ্চিম এশিয়া! সিরিয়ায় আইএসের ডেরায় মার্কিন বাহিনীর বিধ্বংসী হানা

US Strikes in Syria | ফের উত্তপ্ত পশ্চিম এশিয়া! সিরিয়ায় আইএসের ডেরায় মার্কিন বাহিনীর বিধ্বংসী হানা

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরানে শাসকবিরোধী বিক্ষোভের আবহে ফের উত্তপ্ত পশ্চিম এশিয়া। সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটসের (Islamic State) বিরুদ্ধে বড়সড়ো অভিযান চালাল মার্কিন সেনাবাহিনী (US Strikes in Syria)। শনিবার আকাশপথে চালানো এই হামলায় আইএসের অন্তত ৩৫টি নিশানায় ৯০টিরও বেশি বোমা ফেলা হয়েছে বলে মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) সূত্রে খবর।

মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই অভিযানে এফ-১৫ই, এ-১০ এবং এসি-১৩০জে গানশিপ-সহ মোট ২০টি যুদ্ধবিমান অংশ নেয়। আকাশপথের এই হামলায় সহায়তা করেছে এমকিউ-৯ রিপার ড্রোন এবং জর্ডনের এফ-১৬ যুদ্ধবিমান। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতি জানিয়েছে, ‘এই হামলা সিরিয়াজুড়ে আইএস-কে লক্ষ্য করেই চালানো হয়েছে।’ সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিমথি হকিন্স জানিয়েছেন, মূলত আইএসের অস্ত্রাগার, যাতায়াতের পথ এবং গোপন পরিকাঠামো ধ্বংস করতেই এই আক্রমণ চালানো হয়েছে। তবে এই হামলায় কেউ নিহত হয়েছে কিনা, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। পেন্টাগন এবিষয়ে বিস্তারিত জানাতে নারাজ। বিদেশ মন্ত্রকের তরফেও কোনও সাড়া মেলেনি।

গত মাসে সিরিয়ার পালমিরা শহরে দুই মার্কিন সেনা আধিকারিক এবং এক দোভাষী সাধারণ মার্কিন নাগরিকের মৃত্যুর বদলা নিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই এই হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই অনুযায়ী গত মাসেও সিরিয়ায় হামলা চালিয়েছিল আমেরিকা। সেই অভিযানেরই অংশ হিসেবে শনিবার ফের এই বিধ্বংসী হানা চালানো হল।

ক্যাপ্টেন হকিন্স সাফ জানিয়েছেন, আইএস-কে পুরোপুরি নির্মূল করাই তাঁদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতের সম্ভাব্য জঙ্গি হামলা দমন এবং আমেরিকা ও তাদের মিত্র দেশগুলোর সুরক্ষাকেই অগ্রাধিকার দিচ্ছে ওয়াশিংটন। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে আমেরিকার এই শক্তিশালী পদক্ষেপ আসলে জঙ্গিবাদ ও বিরোধী শক্তির কাছে এক কড়া সতর্কবার্তা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *