উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কাশ্মীর উপত্যকায় ভারতে মার্কিন রাষ্ট্রদূত (US Ambassador to India) সার্জিও গোরের (Sergio Gor) করা সাম্প্রতিক মন্তব্য ঘিরে দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরকে (Jammu and Kashmir) মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকের সরাসরি ভারতের গুরুত্বপূর্ণ অংশ (Vital a part of India) হিসেবে অভিহিত করার ঘটনায় তীব্র আপত্তি জানিয়েছে পাকিস্তান। এই মন্তব্যকে ঘিরে ইসলামাবাদ ও ওয়াশিংটনের দীর্ঘদিনের কূটনৈতিক সমীকরণে (US-Pakistan Relations)বড় ধরণের মতপার্থক্য প্রকাশ পেয়েছে।
পাক পররাষ্ট্র মন্ত্রক সূত্রে প্রকাশ, মার্কিন রাষ্ট্রদূতের এই স্পষ্ট অবস্থানকে তারা কেবল ‘অগ্রহণযোগ্য’ বলেই ক্ষান্ত থাকেনি, বরং ইসলামাবাদে নিযুক্ত মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করে আনুষ্ঠানিক অসন্তোষও প্রকাশ করেছে। পাকিস্তানের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র যেন তাদের চিরাচরিত অবস্থান বজায় রেখে কাশ্মীরকে একটি ‘বিতর্কিত অঞ্চল’ হিসেবে দেখে। অথচ, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার (Omar Abdullah) সঙ্গে বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত যেভাবে অঞ্চলটিকে ভারতের অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত করেছেন, তাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাক প্রশাসন।
