উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : যে কোনও মুহূর্তে ইরানে সেনা অভিযান চালাতে পারে আমেরিকা – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ইঙ্গিতের পরই তৈরি হল নতুন সংঘাত। হরমুজ প্রণালীর তীরবর্তী এলাকায় আমেরিকার একটি সামরিক ড্রোন গুলি করে নামানোর দাবি করল তেহরান।
ইরানের সংবাদসংস্থা তাসনিম সূত্রে খবর, সে দেশের সেনাবাহিনী হরমুজ প্রণালী সংলগ্ন শহর বন্দর আব্বাসের কাছে মার্কিন ড্রোনটি আকাশেই ধ্বংস করে নীচে নামিয়েছে। এই ঘটনায় পারস্য উপসাগরীয় অঞ্চলে সংঘাতের সম্ভাবনা আরও তীব্র হয়ে উঠল।
এর আগে শনিবার ফ্লোরিডায় মিড টার্ম নির্বাচনে আগাম ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, রবিবারই ইরানে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া আন্তর্জাতিক ইন্টারনেট ও যোগাযোগের কেবল ধ্বংস করে দেওয়ার হুমকি সম্প্রতি দিয়েছে ইরান। তেহরানের বার্তা, ওই অপটিক্যাল ফাইবারের ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং সেটি ক্ষতিগ্রস্ত হলে পুরো পশ্চিম এশিয়ার যোগাযোগব্যবস্থা অচল হয়ে পড়বে। এই হুমকির জবাবেই নতুন করে কড়া পদক্ষেপের কথা জানান ট্রাম্প।
