উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গাজর শুধু হালুয়া খাওয়ার জন্য নয়, চুলের যত্ন নিতেও সাহায্য করে (Hair Care)। গাজর খেলেও যেমন চুলের লাভ, তেমনই মাথায় মাখলেও। কিন্তু সঠিক উপায়ে মাখতে হবে। গাজরের মধ্যে বায়োটিন ও ভিটামিন এ রয়েছে, যা চুলে কেরাটিন গঠনে সহায়তা করে। এ ছাড়াও গাজরের বাকি পুষ্টি নানা উপায়ে চুলের স্বাস্থ্য উন্নত করে। গাজর চুল পড়ার সমস্যা প্রতিরোধ করে। পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করে।
গাজর দিয়ে কীভাবে হেয়ার মাস্ক বানাবেন?
গাজর, পেঁপে ও টক দই হেয়ার মাস্ক
পাকা পেঁপের সঙ্গে গাজর মিশিয়ে মিক্সিতে পেস্ট করে নিন। এতে ২ চামচ টক দই মিশিয়ে হেয়ার মাস্ক বানিয়ে নিন। এই হেয়ার মাস্ক স্ক্যাল্প ও চুলে ভালো করে মেখে এক ঘণ্টা বসে থাকুন। এরপর শ্যাম্পু করে নিন।
গাজর, অলিভ অয়েল, পেঁয়াজ ও লেবুর হেয়ার মাস্ক
একটা করে গাজর ও পেঁয়াজ নিয়ে মিক্সারে দিয়ে পেস্ট বানিয়ে নিন। এতে ২ চামচ অলিভ অয়েল ও ২ চামচ লেবুর রস মিশিয়ে নিন। এবার এই হেয়ার মাস্ক চুলে মেখে ১৫ মিনিট বসে থাকুন। তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই হেয়ার মাস্ক চুল পড়ার সমস্যা দূর করবে।
গাজর ও নারকেল তেলের মাস্ক
গাজরের পেস্টের সঙ্গে দু’চামচ নারকেল তেল মিশিয়ে হেয়ার মাস্ক বানিয়ে নিন। এই হেয়ার প্যাক স্ক্যাল্প ও চুলে ভালো করে মেখে নিন। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।
