উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২০ সালের দিল্লি হিংসা কাণ্ডের ‘বৃহত্তর ষড়যন্ত্র’ (Bigger Conspiracy) মামলায় ফের আইনি লড়াইয়ের পথে প্রাক্তন জেএনইউ ছাত্রনেতা উমর খলিদ (Umar Khalid) এবং শারজিল ইমাম (Sharjeel Imam)। টানা ৬ বছর কারাবাসের পরেও বিচার প্রক্রিয়া থমকে থাকায়, দিল্লির করকরডুমা আদালতে নতুন করে জামিনের আবেদন জানিয়েছেন তাঁরা।
এদিন অতিরিক্ত দায়রা বিচারক সুমেধ শেঠির (Sumedh Sethi) এজলাসে জামিনের আবেদন পেশ করেন উমর ও শারজিল। তাঁদের আইনজীবীদের প্রধান যুক্তি হল—বিচার প্রক্রিয়া কার্যত স্থবির। আদালতের নথি অনুযায়ী:
- গত ৬ বছর ধরে জেলবন্দি থাকা সত্ত্বেও মামলার বিচার এখনো প্রাথমিক স্তরেই আটকে রয়েছে।
- এমনকি অভিযোগ গঠনের (framing of cost) প্রক্রিয়াটিও এখনও সম্পন্ন হয়নি।
- গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট তাঁদের জামিনের আর্জি খারিজ করেছিল। সেই রায়ের পর ৬ মাস পেরিয়ে গেলেও মামলার কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
বিচারক সুমেধ শেঠির বেঞ্চ আবেদনকারীদের এই পিটিশন গ্রহণ করেছে এবং দিল্লির পুলিশের কাছে এই বিষয়ে জবাব তলব করেছে। আগামী ৪ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, দিল্লি হিংসার ঘটনার পর থেকে ইউএপিএ-এর মতো কঠোর ধারায় অভিযুক্ত হয়ে দীর্ঘ সময় ধরে জেল খাটছেন এই প্রাক্তন ছাত্রনেতারা। তবে বারবার জামিনের আবেদন করলেও এখনও পর্যন্ত আইনি জটিলতায় মুক্তি অধরাই থেকে গেছে তাঁদের। ৪ জুলাইয়ের শুনানিতে আদালত কী নির্দেশ দেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট সব মহল।
