উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উত্তরের ঐতিহ্যবাহী সশস্ত্র আন্দোলনের স্মারক নকশালবাড়ির (Naxalbari) নাম নিয়ে আবারও উত্তপ্ত দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) চত্বর। সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) ও জাতীয় নাগরিক পঞ্জি (NRC) বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ২০২০ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্ব দিল্লিতে ছড়িয়ে পড়া হিংসায় প্রাণ হারিয়েছিলেন ৫৩ জন। সেই ঘটনায় মূল ষড়যন্ত্রের অভিযোগে ওই বছরের সেপ্টেম্বরে গ্রেপ্তার হন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গবেষক উমর খালিদ (Umar Khalid)। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হলেও, গ্রেপ্তারি নিয়ে নানা প্রশ্ন ওঠে। বিরোধীদের দাবি, প্রতিবাদী কণ্ঠ রোধ করতেই তাঁকে কারারুদ্ধ রাখা হয়েছে। একাধিকবার জামিনের আর্জি খারিজ হওয়ার পর, সম্প্রতি ক্যাম্পাসের দেওয়ালে তাঁর অবিলম্বে মুক্তির দাবিতে লেখা হয়েছে দেওয়াল লিখন। একইসঙ্গে ‘নকশালবাড়ি দীর্ঘজীবী হোক’ এমন লেখা দেখে চাঞ্চল্য ছড়িয়েছে।
বিশ্ববিদ্যালয় সুত্রে জানা গিয়েছে, সমগ্র বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে এবং তদন্ত শুরু হয়েছে। ক্যাম্পাসের স্বাভাবিক শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে কোনও স্বার্থান্বেষী গোষ্ঠীকে প্রশ্রয় দেওয়া হবে না বলে তারা স্পষ্ট বার্তা দিয়েছে। অনভিপ্রেত এই ঘটনায় কড়া প্রশাসনিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এদিকে ঘটনা প্রকাশ্যে আসতেই বাম ছাত্র সংগঠনগুলির বিরুদ্ধে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। তাদের অভিযোগ, বামপন্থী দলগুলি ক্যাম্পাসের পঠনপাঠনের পরিবেশ নষ্টের চক্রান্ত করছে। ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (AISA) সমর্থকরা হিন্দুত্ববাদী মতাদর্শের প্রবক্তা ভি ডি সাভারকরের প্রতিকৃতির পাশে আপত্তিকর শব্দ ব্যবহার করেছে। এবিভিপির জেএনইউ শাখার সভাপতি ময়াঙ্ক পাঞ্চালের কথায়, “মত প্রকাশের স্বাধীনতাকে দেশের ব্যক্তিত্বদের প্রতি অসম্মান প্রদর্শন বা সরকারি সম্পত্তির নষ্টের পক্ষে যুক্তি হিসাবে ব্যবহার করা চলে না।” জড়িতদের চিহ্নিত করে কড়া শাস্তি দেওয়ার দাবি তুলেছে ছাত্র সংগঠনটি।

