তুফানগঞ্জ: প্রায় এক দশকেরও বেশি সময় আগে রবীন্দ্র ভবনের নির্মাণ শুরু হলেও তা সম্পূর্ণ হয়নি আজও। দীর্ঘদিন যাবৎ নির্মাণকাজ থমকে যাওয়ায় বর্তমানে তা ভূতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। এনিয়ে সরব হয়েছেন তুফানগঞ্জ শহরের মানুষ থেকে নাট্যপ্রেমীরা। তবে নিশীথ প্রামাণিক রাজ্যের ক্রীড়ামন্ত্রী হওয়ার পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্ব পাওয়ার পরে নতুন করে আশার আলো দেখছেন তুফানগঞ্জবাসী। যদিও এ ব্যাপারে আশ্বাস মিলেছে বিধায়ক তথা প্রতিমন্ত্রী মালতী রাভা রায়ের। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে ইতিমধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করছি খুব শীঘ্রই অডিটোরিয়ামটির উদ্বোধন হবে।’
২০১৭ সালে তৎকালীন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের আমলে শুরু হয় অডিটোরিয়ামের নির্মাণকাজ। পুর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের লম্বাপাড়া এলাকার জেলখানা ময়দানের ওপর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রকল্পে প্রায় ১১ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে এই কাজ শুরু হয়েছিল। তারপর মন্ত্রিত্ব পালটে উদয়ন গুহ দায়িত্ব পেলেও পালটায়নি নির্মাণকাজের গতি। শুরু হওয়ার প্রায় এক দশক পার, অথচ শহরের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে থাকা অডিটোরিয়ামের ছবিটা যেন একই থেকে গিয়েছে— এমনই অভিযোগ শহরবাসীর।
এ ব্যাপারে শহরের নাট্যপ্রেমী শুভময় গুহ রায়ের কথায়, ‘বর্তমানে নাটক থেকে শুরু করে যে কোনও বড় কর্মশালার জন্য মূল ভরসা তুফানগঞ্জ পুরসভার কমিউনিটি হলঘর। যেখানে অতিরিক্ত চেয়ার বসিয়ে সর্বোচ্চ ছ’শোর মতো আসনসংখ্যা থাকে। অডিটোরিয়ামের কাজ সম্পূর্ণ হলে নাট্যোৎসব চালাতে আমাদের সুবিধা হত।’ এ বিষয়ে ছোটবেলার স্মৃতি আগলে স্থানীয় অভিজিৎ সাহা বলেন, ‘জেলখানার ময়দান আমাদের কাছে আবেগ। ছোটবেলা থেকে এখানেই খেলাধুলো করে বড় হয়েছি। এমন একটা গুরুত্বপূর্ণ মাঠকে বন্ধ করে অডিটোরিয়াম নির্মাণ করা আমাদের কাছে কাঙ্ক্ষিত ছিল না। তারপরেও যদি কাজ শুরু হয়ে দীর্ঘদিন অসম্পূর্ণ অবস্থায় থাকে, তাহলে আক্ষেপের শেষ থাকে না। নতুন সরকারের কাছে অনুরোধ, এবারে অন্তত ভূতুড়ে বাড়ির চেহারা পরিবর্তন করুক।’
রবিবার গিয়ে স্থানীয়দের এই আক্ষেপের ছবিটা আরও স্পষ্ট হয়। তিনতলা অডিটোরিয়াম ভবনের ছাদ তৈরির কাজ সম্পন্ন হলেও বাইরে পড়ে রয়েছে পাইপ থেকে শুরু করে নানা সরঞ্জাম। নির্মিত প্লাস্টারের ওপর শ্যাওলা জমতে শুরু করেছে। পুরোপুরি বন্ধ নির্মাণকাজ। এক দশকের বেশি সময় ধরে ইট-কাঠ-বালির ঠোকাঠুকি পেরিয়ে এই অডিটোরিয়াম কবে গমগম করবে নাটকের সংলাপে, সেই দিকেই চেয়ে শহরবাসী।
