মুর্শিদাবাদ: প্রেমিকাকে সঙ্গে নিয়ে কেক কাটার অপরাধে কঠোর শাস্তি পেতে হল প্রেমিককে। জন্মদিনে মেয়ের প্রেমিককে ডেকে নিয়ে নৃশংসভাবে ছুরি দিয়ে হত্যার চেষ্টা করলেন বাবা। বুধবার রাতে এমনই হাড়হিম করা ঘটনা ঘটল মুর্শিদাবাদের সীমান্তবর্তী রানীতলা এলাকায়। গুরুতর জখম অবস্থায় তরুণ চিকিৎসাধীন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত প্রেমিকার বাবা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, তরুণ রাজীব শেখের (নাম পরিবর্তিত) সঙ্গে দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক মুর্শিদাবাদের সীমান্তবর্তী রানীতলা এলাকার এক তরুণীর। এই সম্পর্ক মেনে নেয়নি মেয়েটির পরিবার। কিন্তু তারপরেও কোনওভাবেই দমে না গিয়ে সম্পর্ক টিকিয়ে রাখেন প্রেমিকযুগল। বুধবার প্রেমিক রাজীবের জন্মদিন ছিল। সেকারণে প্রেমিকাকে বাড়িতে ডেকে নিয়ে এসে পরিবারের সঙ্গে কেক কাটেন তরুণ। কোনওভাবে এই খবর পৌঁছায় প্রেমিকার বাবা শেখ শরিফুলের কানে। বিষয়টি মেনে নিতে পারেননি তিনি। তিনি চলে যান মেয়ের প্রেমিকের বাড়ির সামনে। ফোনে মেয়ের প্রেমিক রাজীবকে বাড়ির বাইরে আসতে বলেন। রাজীব আসতেই শরিফুল ছুরি বের করে এলোপাথাড়ি আঘাত করতে থাকে বলে অভিযোগ। ছুরির আঘাতে রাজীব মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর চিৎকারে ঘটনাস্থলে াসেন স্থানীয়রা। তাঁরা গুরুতর জখম অবস্থায় রাজীবকে উদ্ধার করে প্রথমে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। সেখানে অবস্থা সংকটজনক হওয়ায় স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। তার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে রাজীবের।
এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য মোঃ মিল্টন শেখ বলেন, ‘ওই কিশোরকে নৃশংসভাবে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। ছেলেটির অবস্থা অত্যন্ত সংকটজনক”। এদিকে ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত শরিফুল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
