গাজোল: সাতসকালে দাদুর ট্র্যাক্টর (Tractor Accident) নিয়ে জমিতে চাষ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল ১৮ বছরের এক কিশোর। বুধবার দুপুর ১২টা নাগাদ গাজোল থানার করকচ গ্রাম পঞ্চায়েতের উত্তর মালডাঙা গ্রামে ট্র্যাক্টর উল্টে মাসুমুর রহমান নামে ওই কিশোরের মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ আসার আগেই দুর্ঘটনাগ্রস্ত ট্র্যাক্টরটি নিয়ে পরিবারের লোকেরা ‘চম্পট’ দিয়েছে বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে এলাকায় রহস্য দানা বেঁধেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মাসুমুর রহমানের বাড়ি ওই পঞ্চায়েতেরই কৈল গ্রামে। এদিন সকালে সে তার দাদু নেজামুল ইসলামের ট্র্যাক্টরটি নিয়ে জমিতে কাজ করতে গিয়েছিল। উত্তর মালডাঙা ব্রিজের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারায় ট্র্যাক্টরটি এবং রাস্তার ওপর উল্টে যায়। মাসুমুর ট্র্যাক্টরের নিচে চাপা পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেহটি উদ্ধার করেন।
খবর পেয়ে মাসুমুরের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। অভিযোগ, গাজোল থানার পুলিশ পৌঁছানোর আগেই তড়িঘড়ি দুর্ঘটনাগ্রস্ত ট্র্যাক্টরটি সরিয়ে নিয়ে চম্পট দেন তাঁরা। তবে ট্র্যাক্টরের পেছনে থাকা ট্রলিটি ঘটনাস্থলেই পড়ে থাকে। পুলিশ এসে ট্রলিটি উদ্ধার করলেও ট্র্যাক্টরটির হদিশ পায়নি। কেন দুর্ঘটনার প্রমাণ লোপাটের চেষ্টা করা হলো, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ মাসুমুরের দেহ উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বৃহস্পতিবার দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। পুলিশ জানিয়েছে, কিশোরের মৃত্যুতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং সরিয়ে ফেলা ট্র্যাক্টরটির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
