শিলিগুড়ি: বৃহস্পতিবার রাত থেকে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে। এই পরিস্থিতিতে শুক্রবারও বাতিল করে দেওয়া হল নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং আপ ও ডাউন টয়ট্রেন (Toy Prepare) পরিষেবা। এই সময়ে ট্রেন চললে চাকা স্কিট করে লাইনচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। পাহাড়ি পথে ধস নামারও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই ঝুঁকি নিতে চাইছেন না দার্জিলিং হিমালয়ান রেলওয়ের কর্তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টয়ট্রেন পরিষেবা বাতিল রাখা হবে বলে জানা গেল। শনিবার আবহাওয়ার অবস্থা দেখে পরবর্তী পদক্ষেপ করবে রেল।
ডিএইচআর-এর ডিরেক্টর ঋষভ চৌধুরীর কথায়, ‘প্রবল বৃষ্টিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তাই আপাতত পরিষেবা বাতিল রাখা হয়েছে।’ পাহাড়ে বুধবার থেকে বৃষ্টি হচ্ছিল। সেদিন ট্র্যাকে বালি ছড়ানোর পরও বারবার পিছলে যাচ্ছিল চাকা। ডিএইচআর সদর দপ্তর কার্সিয়াংয়ে এলিসিয়া ভবনে বিষয়টি জানানো হয়। এরপরই এলিসিয়া ভবন থেকে ট্রেন বাতিলের নির্দেশ আসে। যাত্রীদের ভাড়াগাড়িতে চাপিয়ে দার্জিলিং পৌঁছে দেওয়া হয়।
